প্রিন্সেস ডায়ানাকে নিয়ে চলচ্চিত্র
১৯৯৭ সালের ৩১ আগস্ট এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছিলেন প্রিন্সেস অব ওয়েলস ডায়ানা। এর পর পেরিয়ে গেছে ১৪টি বছর। এ সময়ে তাঁকে নিয়ে বেশ কয়েকটি তথ্যচিত্র, টিভি সিরিজ ও টেলিছবি নির্মিত হলেও এখনো বড় পর্দার জন্য কোনো চলচ্চিত্র তৈরি হয়নি। সম্প্রতি ডায়ানার জীবনের নির্দিষ্ট একটি সময়কে নিয়ে চলচ্চিত্র তৈরির উদ্যোগ নিয়েছেন প্রযোজক স্টিফেন ইভান্স।ডায়ানার দেহরক্ষী কেন হোয়ার্ফ রচিত ‘ডায়ানা: ক্লোজলি গার্ডেড সিক্রেট’ বই অবলম্বনে নির্মিতব্য চলচ্চিত্রটির নাম ভূমিকায় কে অভিনয় করবেন, তা এখনো চূড়ান্ত হয়নি। তবে ডায়ানা চরিত্রে হলিউডেরই কোনো অভিনেত্রীকে চাইছেন ইভান্স। ছবিটি সম্পর্কে তাঁর উদ্ধৃতি দিয়ে কন্ট্যাক্টমিউজিক জানিয়েছে, ‘এই ছবিতে ডায়ানার জীবনের ১১টি বছর তুলে ধরা হবে। প্রিন্স হ্যারির জন্মের পরবর্তী সময় থেকে ডায়ানার জীবনের জানা-অজানা অনেক অধ্যায়ই উঠে আসবে এই ছবিতে।’ইভান্স আরও বলেছেন, ‘এ ছবিতে যতটা সম্ভব নির্ভুলভাবে বাস্তব ঘটনাকে চিত্রিত করার চেষ্টা করব আমরা। আসলে সেই সময়ে ডায়ানা যে অবস্থার ভেতরে ছিলেন, এর প্রকৃত একটি চিত্র তুলে ধরতে চাই। এ ছবিতে এমন অনেক কিছুই দেখানো হবে, যা সম্পর্কে সাধারণ দর্শক খুব বেশি কিছু জানেন না। ব্যক্তি ডায়ানার ভালো-মন্দের বিচার আমরা করব না। আমরা কেবল বাস্তব সত্যকেই উপস্থাপন করব। দর্শকেরাই তাঁদের দৃষ্টিভঙ্গি দিয়ে ডায়ানাকে বিশ্লেষণ করবেন।’