প্রিসলিকে পেছনে ফেললেন ম্যাডোনা
২৩ মার্চ মুক্তি পেয়েছে ‘পপ কুইন’ ম্যাডোনার ১২তম স্টুডিও অ্যালবাম ‘এমডিএনএ’। ইতিমধ্যেই ইউকে অ্যালবাম চার্টে শীর্ষস্থান দখল করে নিয়েছে অ্যালবামটি। আর এ অ্যালবামের মাধ্যমেই ইউকে অ্যালবাম চার্টের ইতিহাসে সর্বকালের সবচেয়ে সফল সোলো আর্টিস্টের তকমাটি নিজের ঝুলিতে ভরেছেন ৫৩ বছর বয়সী এই মার্কিন গায়িকা। এ জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডেও নাম উঠেছে তাঁর। সর্বকালের সবচেয়ে সফল সোলো আর্টিস্ট হওয়ার দৌড়ে তিনি পেছনে ফেলেছেন ‘কিং অব রক অ্যান্ড রোল’ এলভিস প্রিসলিকে।১৯৮৫ সালে মুক্তি পেয়েছিল ম্যাডোনার প্রথম সোলো অ্যালবাম ‘ম্যাডোনা’। মুক্তির পরপরই ইউকে অ্যালবাম চার্টে প্রথম স্থান দখল করে নেয় অ্যালবামটি। পরবর্তী সময়ে তাঁর প্রকাশিত সব অ্যালবামই এই চার্টের শীর্ষে থেকেছে। সেই হিসাবে মোট ১২ বার এই চার্টে সেরা হয়েছেন ম্যাডোনা।অন্যদিকে, মোট ১১ বার এই চার্টে নাম লিখিয়ে ম্যাডোনার আগ পর্যন্ত সেরার রেকর্ডটি ধরে রেখেছিলেন এলভিস প্রিসলি। তবে এবারে তাঁকে ডিঙিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখালেন ম্যাডোনা। এক খবরে এমন তথ্যই দিয়েছে টিওআই।এদিকে গত সপ্তাহে ইউকে অ্যালবাম চার্টের শীর্ষে থাকা পল ওয়েলার্সের ‘সনিক কিকস’ অ্যালবামটি এক ধাক্কায় নেমে গেছে ১০ নম্বরে। সেরা গান হিসেবে চার্টের শীর্ষে অবস্থান করছে ক্রিস ব্রাউনের ‘টার্ন আপ দ্য মিউজিক’।