প্রিয় গণিত উৎসব
আমার যতগুলো প্রিয় কাজ আছে তার মধ্যে অন্যতম হচ্ছে গণিত অলিম্পিয়াডে গিয়ে বসে থাকা। পুরো ব্যাপারটা এখন এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে এখন আমাদের আর কিছুই করতে হয় না। প্রথম আলো বন্ধুসভার স্বেচ্ছাসেবকেরা আছে, মুভার্সরা আছে, তাদের সঙ্গে অন্য সবাই যোগ দিয়েছে, প্রশ্ন করা হচ্ছে, খাতা দেখা হচ্ছে, পুরস্কার দেওয়া হচ্ছে—সবকিছুই একেবারে ঘড়ির কাঁটা ধরে এগিয়ে যাচ্ছে। তাই আমি যখন গণিত অলিম্পিয়াডে যাই, আমি আবিষ্কার করি, পুরো ব্যাপারটা উপভোগ করা ছাড়া আমার আর কিছুই করার নেই। আমি তাই সেটা উপভোগ করতে যাই। মানুষ যেমন করে কনসার্টে যায়, নাটক দেখতে যায়, চিত্রপ্রদর্শনী দেখতে যায়, আমি সেভাবে গণিত অলিম্পিয়াডে যাই! আমি একা নই, আমার মতো আরও অনেকে আছে। গণিত অলিম্পিয়াডের মাঠে একবার একজনের সঙ্গে দেখা হয়েছিল, সেই ভদ্রলোকের কোনো ছেলেমেয়ে, আত্মীয়স্বজন অলিম্পিয়াডে আসেনি। তিনি শিক্ষক নন, অভিভাবক নন, উদ্যোক্তা নন—কোনোভাবে অলিম্পিয়াডের সঙ্গে যুক্ত নন—তার পরও তিনি এসে হাঁটাহাঁটি করেন, হাসি হাসি মুখে ছোট বাচ্চাদের দিকে তাকিয়ে থাকেন। নতুন একটা প্রজন্ম গণিতের জন্য ভালোবাসায় আপ্লুত হয়ে আছে দেখতে কার না ভালো লাগে?আমাদের অষ্টম অলিম্পিয়াডের প্রথম পর্বটি শেষ হয়েছে। এবার দ্বিতীয় পর্বটি শুরু হবে। কয়েকজনকে বাছাই করে গণিত ক্যাম্প হবে, সেখান থেকে আরও বাছাই করে বাংলাদেশের টিম হবে, সেই টিম বাংলাদেশের পতাকা নিয়ে যাবে কাজাখস্তান। (গতবার আমাদের টিমকে বলেছিলাম, তোমরা যদি মেডেল আনতে পার তাহলে পরের সায়েন্স ফিকশনটি তোমাদের উৎসর্গ করব। তারা মেডেল এনেছিল, আমি বইটি উৎসর্গ করে আমার কথা রেখেছি!)জাতীয় পর্যায়ে গণিত অলিম্পিয়াডে প্রতিবারই আমার একটা কষ্টের অনুভূতি হয়। সজল-কাজল নামে দুই ভাই কোনো একটা গণিত প্রতিযোগিতায় বরিশাল থেকে ঢাকা এসে বুড়িগঙ্গার পানিতে ডুবে মারা গিয়েছিল। স্মৃতিটা ধরে রাখার জন্য তাদের নামে প্রতিবছর একটা পুরস্কার দেওয়া হয়। কিছুদিন আগে খবরের কাগজে দেখেছি, সজল-কাজলের মা কষ্ট বুকে চেপে রাখতে না পেরে পৃথিবী থেকে বিদায় নিয়ে দুই ছেলের কাছে চলে গেছেন। সজল-কাজল স্মৃতি পুরস্কারটি বিজয়ী শিশুর হাতে তুলে দেওয়ার সময় প্রতিবছর আমি গভীর একধরনের বেদনা অনুভব করি।সব বেদনাকে বুকে চেপে রেখে এই দেশের শিশু-কিশোরদের নিয়ে আমরা সামনে এগিয়ে যাব। মুক্তিযুদ্ধের সময় এই দেশের তরুণদের হাতে ছিল অস্ত্র, নতুন প্রজন্মের হাতেও অন্য একধরনের অস্ত্র—সেটি হচ্ছে জ্ঞান-বিজ্ঞান আর গণিতের জন্য গভীর মমতা। সমরাস্ত্র থেকে এই অস্ত্রটির ক্ষমতা কোনোভাবেই কম নয়!