আরটিভিতে আজ রাতে দেখানো হবে সরাসরি গানের অনুষ্ঠান ‘বসুধা তোমার জন্য আমার এ গান’। অনুষ্ঠানের আজকের শিল্পী খুরশীদ আলম। এটি পরিচালনা করেছেন তানিফ মাহমুদ। কথা হলো খুরশীদ আলমের সঙ্গে।আজকের অনুষ্ঠানে কোন গানগুলো করবেন?আমার যেটা প্রিয় গান, সেটা তো গাইতে পারব না। দর্শকদের অনুরোধের একটা ব্যাপার থাকে। সেই অনুরোধ রাখতে গিয়ে শেষে নিজের পছন্দের গানটি আর করা হয় না। আমার খুব পছন্দের গান হলো, ‘বন্দী পাখির মতো’, ‘তোমার দুহাত ছুঁয়ে শপথ নিলাম’, চাঁপাডাঙ্গার বউ ছবিতে একটা কীর্তন ধাঁচের গান গেয়েছিলাম ‘আমার মন যারে চায়’। কিন্তু দর্শক অনুরোধ করবে ‘চুমকি চলেছে একা পথে’ গানের জন্য। শ্রোতাদের অনুরোধকে তো প্রাধান্য দিতেই হবে। সত্তর ও আশির দশকে আপনার গাওয়া অনেক গান এখনো জনপ্রিয়। কিন্তু এখন যেসব গান তৈরি হচ্ছে, সেগুলো সে রকম জনপ্রিয় হচ্ছে না কেন?আগে গীতিকার ও সুরকারের একটা জুটি ছিল। একজন আরেকজনের রুচি বুঝতেন। গীতিকার, সুরকার, শিল্পী, ছবির পরিচালক ও প্রযোজক একসঙ্গে বসে গান তৈরি করতেন। চূড়ান্তভাবে ধারণ করার আগে পুরো গানটা অন্তত ৫০ বার গাইতে হতো শিল্পীকে। যন্ত্রশিল্পীরাও যথেষ্ট শ্রম দিতেন। এই সংস্কৃতিটাই পাল্টে গেছে। এখন ট্র্যাক তৈরি থাকে। শিল্পীকেও তেমন পরিশ্রম করতে হয় না। একই ছবিতে তিনজন সুরকার কাজ করছেন। প্রত্যেকেই নিজের মতো গান করেন। সেই সঙ্গে সমন্বয়ের অভাব তো আছেই।চ্যানেল আইয়ের ‘ক্ষুদে গানরাজ’ চূড়ান্ত অনুষ্ঠানে নাকি আপনি গান করবেন?হ্যাঁ। আজ সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এই অনুষ্ঠানটি হবে। এখানে একজন প্রতিযোগীর সঙ্গে দ্বৈত গানে আমি কণ্ঠ দেব। এই মঞ্চে অন্য চারজন প্রতিযোগীর সঙ্গে গান করবেন সৈয়দ আব্দুল হাদী, আবিদা সুলতানা, আঁখি আলমগীর ও বাপ্পা মজুমদার।গান নিয়ে বিভিন্ন প্রতিযোগিতায় যারা সফল হচ্ছে, তারা কিন্তু পরে খুব একটা সুবিধা করতে পারছে না। এ ব্যাপারটি খেয়াল করেছেন?প্রথম কারণ হলো, যথাযথ পৃষ্ঠপোষকতার অভাব। সঙ্গে নিজেদের চেষ্টার অভাব তো আছেই। আর এসব গানের প্রতিযোগিতায় প্রত্যেকেই অন্যের জনপ্রিয় গানগুলো করে। তাদের নিজেদের কোনো মৌলিক গান নেই। অল্প দিনেই তাদের বাড়িগাড়ি হচ্ছে ঠিকই, কিন্তু গানটা হচ্ছে না। গান হলো সাধনার বিষয়—তাকে ব্যবসার সঙ্গে মিলিয়ে ফেললে হবে না।