প্রিয় বইমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেলায় যাওয়াটা একটা সময় নেশার মতো ছিল। আমরা অপেক্ষা করতাম ফেব্রুয়ারি মাসের জন্য। সবাই একত্রে মেলায় যাব। আমাদের বন্ধুবান্ধবের মধ্যে মেলা নিয়ে তখন খুব উত্তেজনা। দেখা যেত, মেলা শুরু হয়নি, স্টলগুলো বন্ধ, তখনই আমরা মেলায় গিয়ে হাজির। তারপর রাতে মেলা বন্ধ হয়ে গেলেও আমাদের মেলা দেখা ফুরাত না। একুশে ফেব্রুয়ারি দিনটা নিয়ে আমাদের খুব আগ্রহ থাকত। এই দিন প্রায় অষ্টপ্রহরজুড়ে আমরা মেলাতেই থাকতাম। বাদবাকি দিনগুলো কাজকর্ম সেরে সবাই একত্র হতাম মেলার মাঠেই। এই একটা মাস মেলাকে কেন্দ্র করে আমাদের সবকিছু চলত, মেলাই ছিল আমাদের ঠিকানা।তারপর দীর্ঘদিন মেলায় আর যাইনি। পরিবেশটাই বদলে গিয়েছিল অনেক। এ দেশে ভালো-মন্দ বদল যা কিছু ঘটে, সেটা রাজনীতির কারণেই ঘটে। গৌরবের জিনিস যেমন, তেমনি বিষণ্নতার ঘটনারও উৎস হচ্ছে রাজনীতি। মেলাটা একটা সময় আর মেলার চরিত্রে ছিল না। ওই হট্টগোল-হুল্লোড়ের মধ্যে সংস্কৃতির যে অভাবটা চোখে পড়ত, সে কারণেই মেলায় যাওয়া হতো না।এখন সেই পরিবেশটা আবার ফিরেছে। মন্দ লাগার অনুভূতিটা আর নেই। তবে কিছু কিছু বিষয় বদলানো গেলে আরও ভালো হতো। অনেক দিন ধরেই মেলাটা বাংলা একাডেমীর প্রাঙ্গণে হচ্ছে। বিষয়টি নিয়ে দুই রকম ধারণাই প্রবলভাবে আছে। একটি গোত্র মনে করে, মেলার সঙ্গে যেহেতু একুশের চেতনা জড়িত, সেহেতু বাংলা একাডেমী ছাড়া এটাকে চিন্তাই করা যায় না। আরেকটা গোত্র মনে করছে, বইমেলার স্থান বদলানো দরকার হয়ে পড়েছে।মেলা বাংলা একাডেমীতে শুরু হয়েছিল, সেটা তো ঠিকই আছে। এখন ভিড়ভাট্টা বেড়েছে। মেলায় যেতে হলে দিনক্ষণ দেখে যেতে হয়, ভিড়টা কবে কম থাকবে। যেদিন ভিড় অল্প, সেদিনই মেলায় যাওয়ার কথা ভাবতে হয়। ফলে অনেক লোভনীয় মুহূর্তকে সাবধানে এড়িয়ে চলতে হয়। কারণ ভিড়টা তখন বেশি বৈ কম হবে না। মেলা তো আর শুধু ঘোরাঘুরির জিনিস নয়। বন্ধুদের সঙ্গে আড্ডা, মেলা ঢুঁড়ে পছন্দসই বইটা কেনা। স্টলে তো দাঁড়ানোর জায়গা নেই। একুশের চেতনা, ঐতিহ্যে বেশি মন দিলে আমরা হয়তো এই বাস্তবতাকে অস্বীকার করব। সেটা খুব কাজের কথা নয়।মেলা বাংলা একাডেমীতেই থাকুক। কিন্তু এর পরিসর বাড়াতে হবে। মেলায় সেই শান্ত রূপটা আর নেই। এত ভিড় যে সাবধান থাকলেও হোঁচট খেতে হয়। এর মধ্যে অনুভব রক্ষা করাই তো কঠিন। সৌন্দর্য রক্ষা না হলে অনুভূতি রক্ষা হয় না। আফজাল হোসেন: সাংস্কৃতিক ব্যক্তিত্ব