নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত ও অসুস্থ ব্যক্তিদের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে শেষ করা হয়েছে সাভারে ধসে পড়া রানা প্লাজার উদ্ধার অভিযান। ধসে পড়া ভবনের সামনে-পেছনে উঁচু কাঁটাতারের বেড়া দিয়ে আটকে দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন জায়গাটি বুঝে নিয়েছে।তবে গতকাল মঙ্গলবার দোয়া অনুষ্ঠানেও স্বজনহারা ব্যক্তিরা প্রিয়জনের লাশ চেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। ফাঁসি দাবি করেছেন ভবনের অন্যতম মালিক সোহেল রানার। ধসে পড়া ভবনের সামনের সড়কে ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ করে মোনাজাত শুরু হয় বেলা একটার কিছু পর। মোনাজাতের আগে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পাঠানো বাণী পড়ে শোনানো হয়। মোনাজাত শেষ হওয়ার পর পর উদ্ধার অভিযান পরিচালনাকারী সেনাবাহিনীর সদস্যরা এলাকাটি ছেড়ে যান। ফায়ার সার্ভিসের যেসব সদস্য ছিলেন, তাঁরাও চলে গেছেন যাঁর যাঁর ইউনিটে। এর পরই শুরু হয় স্বজনহারাদের বিলাপ। অনেকে কাঁটাতারের বেড়া ধরে প্রিয়জনের জন্য হাউমাউ করে কান্না শুরু করেন। একপর্যায়ে পুলিশ এসে তাঁদের সরিয়ে দিলেও স্থান ত্যাগ করতে চাননি অনেকে। নিখোঁজ প্রিয়জনের ছবি ও ঠিকানা-সংবলিত পোস্টার হাতে ক্ষোভ প্রকাশ করেন অনেকে। দোয়া অনুষ্ঠান শুরুর আগে একইভাবে ঢাকা-আরিচা মহাসড়কে দাঁড়িয়ে ২০০ থেকে ৩০০ স্বজনহারা ব্যক্তি প্রিয়জনের ছবি হাতে বিক্ষোভ করেন। অনেকে সোহেল রানার ফাঁসির দাবিতে স্লোগানও দেন। ঢাকা জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন বিক্ষুব্ধ ব্যক্তিদের উদ্দেশে বলেন, মর্গে থাকা এবং জুরাইনে দাফন করা মিলে প্রায় ৩০০ জনের লাশের পরিচয় নিশ্চিত করা যায়নি। ডিএনএ নমুনা রেখে দেওয়া হয়েছে। কবরগুলোও বিশেষ নম্বর দিয়ে চিহ্নিত করে রাখা হয়েছে। যেসব স্বজন এখনো ডিএনএর নমুনা দেননি, তাঁদের দ্রুত তা দেওয়ার অনুরোধ জানান তিনি।জেলা প্রশাসক আরও বলেন, মৃতদেহ ও স্বজনের ডিএনএর নমুনা পরীক্ষা করে মিলে গেলে সরকারের পক্ষ থেকে কোন কবরটি কার স্বজনের, তা দেখিয়ে দেওয়া হবে। এর আগে গতকাল ভোরে রানা প্লাজার স্থানটি জেলা প্রশাসনকে বুঝিয়ে দেয় সেনাবাহিনী। জেলা প্রশাসনের পক্ষে এখন স্থানটির দেখভালের দায়িত্ব পড়েছে সাভার উপজেলা প্রশাসনের ওপর। ওই জায়গায় এখন কেবল পার্কিংয়ে থাকা দুমড়ানো-মোচড়ানো গাড়িগুলো পড়ে আছে। আর ধ্বংসস্তূপের কিছু অংশ ভবনটির পেছনে স্তূপ করে রাখা হয়।দুপুরের পরপরই ঢাকা-আরিচা মহাসড়কের উভয় অংশ যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ভবনধসের পর থেকেই মহাসড়কটি বন্ধ ছিল। একপর্যায়ে সাভার বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কের পশ্চিমাংশ যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। স্বজনদের কান্না: সাভার ভাটপাড়া এলাকার আবুল কাশেম কাঁটাতারের বেড়া ধরে কান্নাকাটি করছিলেন আর বলছিলেন, ‘সবাই চলে যাচ্ছে। আমার আফজালের লাশ দেবে কে?’ কাসেম জানান, তাঁর দুই ছেলে আফজাল ও উজ্জ্বল এবং উজ্জ্বলের বউ খোদাজা রানা প্লাজায় কাজ করতেন। উজ্জ্বল ও খোদাজার লাশ পাওয়া গেছে। কিন্তু আফজালের লাশ এখনো পাননি। দিনাজপুরের শান্তনা আক্তারের মা রেহেনা আক্তারও হাউমাউ করে কাঁদছিলেন। বললেন, ‘রেশমাকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাঁর বাড়ি আমার বাড়ির পাশের গ্রামে। আমার মেয়েটার লাশটাও পাইলাম না।’