প্রিয়াংকার জন্য রক্ত ঝরালেন ভক্ত!
প্রিয় তারকার জন্য কত কিছুই না করেন ভক্তেরা! প্রিয়াংকা চোপড়ার এক ভক্ত সম্প্রতি এমনই এক পাগলাটে আচরণ করেছেন। তাও আবার যেন তেন পাগলামি নয়, প্রিয়াংকার জন্য নিজের শরীর থেকে রীতিমতো রক্ত ঝরিয়েছেন ওই ভক্ত। অবশ্য ভালোবাসা প্রকাশে ভক্তের এ পাগলামোর জন্য তাঁকে ধন্যবাদও জানিয়েছেন পিগি চপস।নিজের শরীরের রক্ত ঝরিয়ে প্রিয়াংকা চোপড়ার নামের সংক্ষিপ্ত ‘পিসি’ বর্ণ দুটিকে উলকিতে আঁকিয়েছেন ওই ভক্ত। টুইটারে তাঁর উলকির ছবিটি পোস্ট করে এক টুইটার বার্তায় তিনি লিখেছেন, ‘এটা হলো আমার পিসি ট্যাটু। এত কষ্ট করে, রক্ত ঝরিয়ে উলকি আঁকালাম, অথচ তুমি চেয়েও দেখছ না।’ জানিয়েছে ওয়ান ইন্ডিয়া। অবশ্য প্রিয়াংকা চোপড়া বিষয়টি উপেক্ষা করে চুপ থাকেননি। ভক্তের এমন ভালোবাসায় মুগ্ধ প্রিয়াংকা পালটা টুইটার বার্তায় লিখে পাঠিয়েছেন, ‘দারুণ! আমার প্রতি তোমার গভীর ভালোবাসা আমাকে অভিভূত করেছে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ।’ প্রিয়াংকার ভক্ত সংখ্যা দিনকে দিন বেড়েই চলেছে। সম্প্রতি ভক্তদের দেওয়া ভোটে ‘ইন্ডিয়াস গ্ল্যাম ডিভা’ খেতাব জিতেছেন তিনি। কারিনা, দীপিকা, বিদ্যা, ঐশ্বরিয়া, ক্যাটরিনা, সোনম, বিপাশা, সোনাক্ষী, সানিয়া মির্জা ও ফ্রিদা পিন্টোর মতো তারকাদের পেছনে ফেলে সবচেয়ে বেশি সংখ্যক ভক্তের ভোট পেয়ে শীর্ষস্থান অর্জন করেন প্রিয়াংকা। যে তারকার এত এত ভক্ত তাঁর নজরে আসার জন্য ভক্তরা অদ্ভুত সব কীর্তি ঘটাবেন—এ আর এমনকি!