প্রিয়াংকার সঙ্গে গাইবেন কেটি পেরি
সংগীত ভুবনে আটঘাট বেঁধে নামবেন বলেই জানিয়েছিলেন বলিউডের অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। কথা রেখেছেন তিনি। ইতিমধ্যেই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীতশিল্পী এবং প্রযোজকদের সঙ্গে নিয়ে নিজের প্রথম অ্যালবামের কাজ শুরু করেছেন সাবেক এই বিশ্ব সুন্দরী। তাঁর স্বপ্নের অ্যালবামটিতে সর্বশেষ যুক্ত হয়েছেন মার্কিন গায়িকা ও অভিনেত্রী কেটি পেরি। এ মুহূর্তে অ্যালবাম রেকর্ডিংয়ের কাজ নিয়ে যুক্তরাষ্ট্রে ব্যস্ত সময় পার করছেন প্রিয়াংকা। শিগগিরই অ্যালবামটির জন্য তাঁর সঙ্গে দ্বৈত গানে কণ্ঠ দেবেন যুক্তরাষ্ট্রের তৃতীয় সর্বোচ্চ অ্যালবাম বিক্রির রেকর্ড গড়া সংগীতশিল্পী কেটি পেরি।কিছুদিন আগে ‘আইপিএল আসরের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে ভারতে এসেছিলেন পেরি। তখন প্রিয়াংকার সঙ্গে তাঁর কথা হয়। পরবর্তী সময়ে তাঁরা নিজেদের মধ্যে টুইটার বার্তাও চালাচালি করেছেন। এভাবে সখ্যতা বাড়ে তাঁদের মধ্যে। একপর্যায়ে অ্যালবামে গান গাওয়ার জন্য পেরিকে অনুরোধ করেন প্রিয়াংকা। পেরিও সানন্দে রাজি হয়ে যান।’ ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে এমনটিই জানিয়েছে টিওআই। এদিকে শোনা যাচ্ছে, এ বছরের আগস্টের শেষের দিকে প্রিয়াংকা চোপড়ার অ্যালবামের কাজ পুরোপুরি শেষ হয়ে যাবে। অবশ্য এ বিষয়ে প্রিয়াংকা কিংবা তাঁর মুখপাত্রের কোনো মন্তব্য পাওয়া যায়নি।উল্লেখ্য, পশ্চিমা ধ্রুপদি সংগীতে তালিম নিয়েছেন প্রিয়াংকা। তাঁর বাবা অশোক চোপড়াও ভালো গান করেন বলেই জানিয়েছেন ২৯ বছর বয়সী এ তারকা। সংগীতকে পেশা হিসেবে নেওয়ার ইচ্ছে রয়েছে প্রিয়াংকার। ইউনিভার্সেল মিউজিকের মতো আন্তর্জাতিক অডিও প্রযোজনা সংস্থা যুক্ত হয়েছে তাঁর প্রথম অ্যালবামের সঙ্গে। প্রিয়াংকার ম্যানেজার হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ট্রয় কার্টার, যিনি পপগায়িকা লেডি গাগারও ম্যানেজার। ‘ডাউন’খ্যাত ব্রিটিশ সংগীতশিল্পী জে শিন তিনটি গান লিখেছেন প্রিয়াংকার জন্য। ১০টি গান দিয়ে সাজানো অ্যালবামটির জন্য প্রিয়াংকা নিজেও গান লিখেছেন। এই অ্যালবামের সঙ্গে যুক্ত অন্যান্য সংগীতশিল্পী ও প্রযোজকদের মধ্যে রয়েছেন মেক্সিকোর ফার্নান্দো গ্যারিবে, যুক্তরাষ্ট্রের পিট ওয়েন্টজ এবং স্যাম ওয়াটারস।