প্রিয়াঙ্কা বর্ষার ব্যাঙ হলে আমিও তা-ই: রাহুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘যদি প্রিয়াঙ্কা গান্ধী ব্যাঙ হয়, তাহলে আমিও ব্যাঙ। কারণ আমি তার ভাই।’ কথাগুলো কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর। আজ সোমবার এক সংবাদ সম্মেলনে হাসতে হাসতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন সোনিয়া-তনয় রাহুল।এনডিটিভির অনলাইনে প্রকাশিত খবরে বলা হয়, এর আগে উত্তর প্রদেশে রাহুলের পক্ষে প্রিয়াঙ্কার নির্বাচনী প্রচারণাকে ইঙ্গিত করে বিরোধীরা প্রিয়াঙ্কাকে ‘বারসাতকি ম্যান্ডাক’ বা ‘বর্ষার ব্যাঙ’ হিসেবে চিহ্নিত করে। তাদের এই সমালোচনা অবশ্য খুশি মনেই মেনে নিয়েছেন প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা তখন বলেছিলেন, ‘আমিও নিজেকে বর্ষাকালের ব্যাঙ মনে করি। সবাই জানে, আমি কেবল নির্বাচনের সময় রায়বেরিলি ও আমেথিতে আসি। অন্য সময় আমার খবর থাকে না।’ কিন্তু রাহুল গান্ধী তা করেন না। তবে বর্ষাকালের ব্যাঙ হিসেবে নিজেকে স্বীকার করে নিলেও রাহুলকে কোনোভাবেই বর্ষাকালের ব্যাঙ বলতে রাজি নন প্রিয়াঙ্কা। বরং তাঁর দাবি, রাহুল সব সময়ই আমেথি ও রায়বেরিলির জনগণের পাশে থাকেন।তবে ভাই রাহুল আবার বলছেন উল্টো কথা। তাঁর যুক্তিও অকাট্য। যদি বোন প্রিয়াঙ্কা বর্ষাকালের ব্যাঙ হয়, তাহলে ভাই হিসেবে নিজেকেও বর্ষার ব্যাঙ মনে করেন রাহুল। আজ সাংবাদিকদের হাসতে হাসতে সে কথাই জানালেন তিনি।