প্রিয়াঙ্কাকে করণের কটু-কাটব্য
সময়টা আদতেই ভালো যাচ্ছে না বলিউডের অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার। সব রকম বিতর্ক থেকে দূরে থাকার চেষ্টা করলেও, বিতর্ক আর ঝামেলা যেন পিছু ছাড়ছে না তাঁকে। সম্প্রতি টুইটারে কড়া মন্তব্য করে প্রিয়াঙ্কাকে এক হাত দেখে নিয়েছেন বলিউডের চিত্র নির্মাতা করণ জোহর। পরোক্ষভাবে প্রিয়াঙ্কাকে ‘মেরুদণ্ডহীন’ ও ‘খোঁড়া’ বলেও আখ্যায়িত করেছেন করণ। এর আগে শাহরুখ-প্রিয়াংকার ঘনিষ্ঠতা নিয়ে জল কম ঘোলা হয়নি। সম্প্রতি নাম পরিচয় গোপন রেখে ভারতের একটি ট্যাবলয়েডকে দেওয়া সাক্ষাত্কারে প্রিয়াঙ্কার এক বন্ধু তাঁর পক্ষে সাফাই গেয়েছেন। পরোক্ষভাবে করণ জোহরের সমালোচনাও করেছেন প্রিয়াঙ্কার বন্ধুটি। আর এতেই ভীষণ চটেছেন করণ। এক খবরে এমনটিই জানিয়েছে হিন্দুস্তান টাইমস। টুইটার বার্তায় ক্ষুব্ধ করণ লিখেছেন, ‘নাম প্রকাশে অনিচ্ছুক তথাকথিত বন্ধুর আড়ালে আসলে ফালতু খবর ছড়িয়ে সংবাদের শিরোনামে থাকার পাঁয়তারা চালাচ্ছেন কেউ কেউ। এ ধরনের কর্মকাণ্ড যাঁরা করেন তাঁরা আসলে মেরুদণ্ডহীন ও খোঁড়া। এসব ঘুমন্ত মানুষকে এখনই জেগে ওঠা উচিত। তা না হলে অনেক দেরি হয়ে যেতে পারে। আবারও বলছি, জেগে উঠুন। প্রয়োজনে কফির গন্ধ শুঁকুন।’ উল্লেখ্য, সম্প্রতি মুম্বাই মিররকে দেওয়া এক সাক্ষাত্কারে প্রিয়াঙ্কার কাছের বন্ধুটি বলেছিলেন, ‘প্রিয়াঙ্কা কোনো ভুল করেননি। কেউ যদি তাঁর স্বামীকে সন্দেহ করেন, তবে সেই সমস্যার সমাধান ঘরেই করা উচিত। এ ক্ষেত্রে যে নারীকে ঘিরে সন্দেহের বীজ রোপিত হয়েছে, তাঁকে আক্রমণ করার কোনো যুক্তি নেই। আমার মনে হয়, কয়েকজন ক্ষমতাবান বলিউড অভিনেতার স্ত্রীরা একজোট হয়ে প্রিয়াংকার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। তারকাদের ক্যারিয়ার গড়ায় এবং ভাঙায় ওস্তাদ একজন প্রভাবশালী নির্মাতা-প্রযোজক চাইলে প্রিয়াঙ্কার পাশে দাঁড়াতে পারতেন। কিন্তু তিনি তা করেননি।’