প্রিয়াঙ্কার ছবির প্রচারণায় শাহরুখ!
বন্ধুবত্সল হিসেবে বলিউডে এমনিতেই শাহরুখ খানের একটা আলাদা পরিচিতি আছে। সম্প্রতি একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপস্থাপনার সময় ‘ভালো বন্ধু’ প্রিয়াঙ্কা চোপড়ার প্রতি তাঁর বিশেষ দুর্বলতার আরেকটি প্রমাণ দিলেন শাহরুখ। প্রিয়াঙ্কা অভিনীত একটি ছবির প্রচারণায় শাহরুখ খান সেখানে উপস্থিত সবাইকে ছবিটি দেখার আহ্বান জানিয়েছেন। কয়েক মাস ধরেই বলিউডের অভিনেতা শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়াকে জড়িয়ে নানা ধরনের খবর প্রকাশিত হচ্ছিল। একসময় বলিউডের টিনসেলে জোর আলোচনা ছিল যে শাহরুখের কারণেই নাকি ইতি ঘটেছিল প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে শহীদ কাপুরের দীর্ঘদিনের সম্পর্কের। অবশ্য এখানেই গুজবের ডালপালা মেলা বন্ধ হলে ভালো ছিল। এর পর প্রিয়াঙ্কার সঙ্গে সম্পর্কের প্রভাব পড়েছে শাহরুখের পরিবারেও।গৌরি-শাহরুখ দ্বন্দ্ব আর তাঁদের মনকষাকষির খবরও সংবাদমাধ্যমগুলো ফলাও করেই ছেপেছে। কিন্তু এতকিছুর পরও শাহরুখ প্রিয়াঙ্কার সম্পর্কে এর কোনো প্রভাব পড়েনি। অন্তত তাঁদের আচার-আচরণে আর সংবাদমাধ্যমে প্রকাশিত মন্তব্যে এর কোনো ছাপ নেই! শাহরুখও তাঁর কাজ ঠিকঠাকই করে যাচ্ছেন। বরাবরই প্রিয়াঙ্কা চোপড়ার পাশে এসে দাঁড়িয়েছেন শাহরুখ।আইএএনএস এক খবরে জানিয়েছে, বিদ্যা বালান ও শাহরুখ খান সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন। অনুষ্ঠানটির একপর্যায়ে প্রিয়াঙ্কার মুক্তিপ্রতীক্ষিত একটি ছবির অংশবিশেষ দেখানো হয়। মঞ্চে উপস্থিত শাহরুখ প্রিয়াঙ্কা অভিনীত ছবিটি সবারই দেখা উচিত বলে মন্তব্য করেন। ‘তেরি মেরি কাহানি’ নামের এই ছবিটির শুটিং সম্প্রতি শেষ হয়েছে। ছবিতে প্রিয়াঙ্কার সহশিল্পী হিসেবে আছেন শহীদ কাপুর।প্রিয়াঙ্কার ছবির প্রচারণায় শাহরুখের এ ধরনের ঘোষণার সময় সেখানে ছবিটির নির্মাতা কুনাল কোহলিও উপস্থিত ছিলেন। কুনাল অবশ্য এতে শাহরুখের ঔদার্যই দেখেছেন। প্রিয়াঙ্কার হাতে পুরস্কার তুলে দেওয়ার পর শাহরুখের মন্তব্যের জের টেনে কুনাল বলেন, ‘এটা শাহরুখের একধরনের উদারতা।’উদারতার বিষয়টি তো স্পষ্ট বটেই কিন্তু অনুষ্ঠানে শাহরুখের উপস্থাপনা, সেখানে প্রিয়াঙ্কার ছবির প্রচারণা, শাহরুখের মন্তব্য—সব মিলিয়ে অনেকেই বিষয়টিতে একটু অন্য গন্ধও পাচ্ছেন।