প্রেক্ষাগৃহের মালিকদের সঙ্গে তথ্যসচিবের বৈঠক ২৪ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রতিটি জেলায় কমপক্ষে একটি করে ডলবি ডিজিটাল প্রেক্ষাগৃহ করার কথা সরকার সক্রিয়ভাবে বলে আসছে। এবার এর সঙ্গে যোগ হয়েছে প্রেক্ষাগৃহের পরিবেশ ভালো করতে হবে এবং দর্শকদের বিনোদনের জায়গাটি ভালো হতে হবে। অবশ্য প্রেক্ষাগৃহের মালিকদের দিক থেকেও রয়েছে অনেক সমস্যা। এসব নিয়েই ২৪ অক্টোবর এফডিসিতে তথ্যসচিব হেদায়েত উল্লাহ আল মামুন বৈঠক করবেন। জানা গেছে, প্রেক্ষাগৃহগুলো ডিজিটাল করা এবং প্রতিটি প্রেক্ষাগৃহে দর্শকদের ফিরিয়ে আনতে কী কী উদ্যোগ নেওয়া যায়, সে বিষয়ে সবার মতামত নেওয়া হবে। পাশাপাশি সরকারের দিক থেকে কী কী করার আছে, সেসব নিয়ে এবং প্রেক্ষাগৃহের মালিকদের দাবিদাওয়া বিবেচনা করা হবে। সেই সঙ্গে প্রেক্ষাগৃহ ভেঙে শপিং মল করা হলে সেখানে ছোট ছোট মাল্টিপ্লেক্স করার ব্যাপারে সুপারিশ করা হতে পারে বলে জানা গেছে।