প্রেম ঠেকাতে মেয়েকে মানসিক রোগী সাজানোর চেষ্টা!
ভিন্ন ধর্মাবলম্বী ছেলের সঙ্গে মেয়ের প্রেমের সম্পর্ক মেনে নিতে না পেরে মেয়েকে মানসিক রোগী হিসেবে আখ্যা দিয়ে হাসপাতালে পাঠানোর চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। মেয়েটির বাবা ওই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল শনিবার বেলা ১১টার দিকে ওই শিক্ষকের বিশ্ববিদ্যালয়ের বাসায় রাজশাহী নগরের তালাইমারী এলাকার ‘গরীবে নেওয়াজ’ নামের একটি ক্লিনিক থেকে কয়েকজন সেবিকাসহ একটি অ্যাম্বুলেন্স গিয়ে হাজির হয়। সেবিকারা শিক্ষকের মেয়েকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে যায়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মেয়েটিকে উদ্ধার করেন।এ ঘটনায় মেয়েটি পুলিশের কাছে জীবনের নিরাপত্তা চেয়ে মা-বাবার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন। এর আগে ২০ জানুয়ারি তাঁকে ঢাকার একটি মানসিক হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। মেয়েটি ২০০৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স করেছেন।মেয়েটি জানান, তিনি কলেজে পড়া অবস্থায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিজ্ঞান বিভাগের এক হিন্দু ছাত্র বাসায় গিয়ে তাঁকে প্রাইভেট পড়াতেন। ২০০৪ সালে তিনিও ওই বিভাগে ভর্তি হন। এর পর থেকে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাঁর প্রেমিক বর্তমানে পুলিশের সার্জেন্ট হিসেবে সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত।মেয়েটি অভিযোগ করেন, প্রেমের বিষয়টি তাঁর মা-বাবা জানতে পেরে তাঁর প্রেমিককে নানাভাবে হুমকি দেওয়া ও হেনস্তা করা শুরু করেন। এমনকি তাঁকে চাকরিচ্যুত করার জন্যও নানাভাবে ষড়যন্ত্র করছেন। তাঁর মা-বাবা ঢাকায় পুলিশ সদর দপ্তর ও সারদা পুলিশ একাডেমিতে একাধিকবার গিয়ে তাঁর প্রেমিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেন। এ বিষয়ে তিনি নিজে মতিহার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।যোগাযোগ করা হলে মেয়েটির মা এ প্রতিবেদককে বলেন, ‘এটা আমাদের পারিবারিক ব্যাপার। এ বিষয়ে সাংবাদিকেরা না জানাই ভালো।’মেয়েটির বাবা এ প্রতিবেদকের সঙ্গে প্রথমে যোগাযোগ করার কথা বললেও শেষ পর্যন্ত তিনি তা করেননি।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া জানান, তিনি ও পুলিশ সদস্যরা গিয়ে গতকাল মেয়েটিকে রক্ষা করেন।মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেছেন, সবার সঙ্গে কথা বলে এটা স্পষ্ট হওয়া গেছে যে হিন্দু ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকায় মেয়েটিকে জোর করে মানসিক রোগী বানানোর চেষ্টা করা হয়েছে। ব্যাপারটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।রাজশাহী মহানগর পুলিশের সহকারী কমিশনার (ফোর্স) শামসুর রহমান ভূঁইয়া জানান, মেয়েটির মা-বাবার অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁর প্রেমিকের বিরুদ্ধে তদন্ত করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছে। তবে প্রতিবেদনে কী উল্লেখ আছে, তা তিনি জানাননি।