এনটিভিতে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক বন্ধু আমার। এখানে জরি চরিত্রে অভিনয় করেছেন জেনী। নাটকটি লিখেছেন ও পরিচালনা করেছেন ফেরদৌস হাসান। কথা হলো জেনীর সঙ্গে।অনেকক্ষণ পর্যন্ত চেষ্টা করেও ফোনে পাওয়া যাচ্ছে না?শুটিংয়ে আছি তো। উত্তরায় মিজানুর রহমান লাবুর পরিচালনায় একদা এক ঢাকাইয়া মাইয়্যা নাটকের শুটিং করছি। ঈদের জন্য এটি নির্মিত হচ্ছে। এখানে আমার চরিত্রটি একজন ঢাকাইয়া মাইয়্যার। সহশিল্পী ইন্তেখাব দিনার। পুরো নাটকে আমাকে ঢাকাইয়া ভাষায় সংলাপ বলতে হচ্ছে। জন্ম ঢাকায় হলেও আমি কখনো ঢাকাইয়া ভাষায় অভ্যস্ত নই। নাটকটিতে কাজ করার জন্য আমাকে সহযোগিতা করছেন লুৎফুর রহমান জর্জ।ঈদের আর কী নাটকে কাজ করছেন?এরই মধ্যে অনেকগুলো এক ঘণ্টার নাটকে কাজ করেছি। সামনেও কয়েকটিতে অভিনয় করব। নির্মাতাদের ভাষ্যমতে, সবগুলোই ঈদের জন্য বানানো হচ্ছে। ঈদের নাটকের উল্লেখযোগ্য নির্মাতারা হলেন—চয়নিকা চৌধুরী, সকাল আহমেদ, পারভেজ অমিন ও মাহবুবুল আলম।আপনার ‘বন্ধু আমার’ নাটকটি তো আজ দেখানো হবে।নাটকে আমার চরিত্রের নাম জরি। গ্রামের মেয়ে। মুঠোফোনে পরিচয় হয় শহরের একটি ছেলের সঙ্গে। এদিকে জরির বাবা গ্রামেরই এক ছেলের সঙ্গে বিয়ে ঠিক করে বসেন। বিয়ের ব্যাপারটি মেনে না নিয়ে গ্রাম থেকে জরি পালিয়ে শহরে চলে আসে। এখানে আসার পর বিভিন্ন ধরনের ঘটনা উন্মোচিত হতে থাকে। আপাতত এটুকুই বলতে চাই। বাকিটুকু বললে নাটকের মজাটাই নষ্ট হয়ে যাবে। এভাবে নাটকের গল্প এগিয়ে গেছে।আর কী কী ধারাবাহিক প্রচার হচ্ছে?বন্ধু আমার নাটকটি ছাড়া এনটিভিতে প্রচারিত হচ্ছে গোলাম সোহরাব দোদুলের সবুজ নক্ষত্র, সকাল আহমেদের টার্মিনাল, অম্লান বিশ্বাসের নো প্রবলেম ও অরণ্য আনোয়ারের পারাপার।এবার আপনার সংসারজীবন নিয়ে কিছু বলুন?অমিতাভ রেজার সঙ্গে ২০০৯ সালেই আমার ছাড়াছাড়ি হয়। এরপর সংসার নিয়ে নতুন কিছু ভাবিনি। এখন শুধু কাজ নিয়েই থাকতে চাই। বলতে পারেন, একনিষ্ঠভাবে কাজ করছি। প্রেম-ভালোবাসা সবকিছু কাজকে ঘিরেই। পড়াশোনার খবর কী?আমি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক শেষ করেছি। ইচ্ছে আছে, স্নাতকোত্তর করার জন্য দেশের বাইরে যাব।