প্রেমিকাকে চমক দেখাতে গিয়ে...
প্রেমিকার জন্য চমক হবেন তিনি। তাই প্রেমিকার ঠিকানায় চালান হতে নিজেই ঢুকে গেলেন একটা কার্টনে। কিন্তু ঠিকানা নিয়ে ডাক প্রতিষ্ঠানের গড়বড়ে ঘটে গেল বিপত্তি। দীর্ঘ সময় ওই কার্টনে আটকে থেকে দম বন্ধ হয়ে মরার জোগাড় হয়েছিল তাঁর। অবশেষে কোনো রকমে রক্ষা।চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চোংকিং শহরে এই অভিনব ঘটনার জন্ম দেন যুবক হু সেং। আজ শুক্রবার পিটিআই অনলাইনে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়। প্রেমিকা লি ওয়াংকে স্রেফ চমকে দিতে এই বুদ্ধি এঁটেছিলেন হু সেং। নিজেকে কার্টনে আবদ্ধ করতে এক বন্ধুর সহায়তা নেন সেং। এটি যথাসময়ে যথাস্থানে পৌঁছে দিতে ওই ডাক প্রতিষ্ঠানে প্রয়োজনীয় অর্থ দিয়ে রেখেছিলেন তিনি। বাক্সটি প্রেমিকার ঠিকানায় পৌঁছার পর এটি যখন খোলা হবে, ভেতর থেকে লাফ দিয়ে বের হয়ে ওয়াংকে অবাক করে দেবেন—এই ছিল তাঁর পরিকল্পনা। বিরল ওই মুহূর্তটি ক্যামেরাবন্দী করতে সেখানে প্রস্তুত ছিলেন সেংয়ের আরেক বন্ধু। কিন্তু বিধি বাম। ঠিকানা ভুল হওয়ায় বাক্সটি ৩০ মিনিটের জায়গায় প্রায় তিন ঘণ্টা পর প্রেমিকার কাছে পৌঁছায়। ততক্ষণে দম বন্ধ হয়ে সেংয়ের মরার জোগাড়। ওই বাক্সে কোনো ছিদ্র না থাকায় প্রয়োজনীয় অক্সিজেন নিতে পারেননি তিনি। তিন ঘণ্টা ওই বাক্সে আটকে পড়া সেং অনেক চেষ্টা করেও কার্ডবোর্ডের বাক্সটিতে কোন ছিদ্র করতে পারেননি। শেষ পর্যন্ত ওয়াং যখন বাক্সটি খুললেন, তখন অচেতন ছিলেন সেং। পরে প্যারামেডিকদের তত্পরতায় জ্ঞান ফেরে তাঁর। এ ব্যাপারে সরল স্বীকারোক্তি সেংয়ের, ‘আমি বুঝতে পারিনি এত সময় লাগবে। আমি বাক্সটিতে ছিদ্র করার চেষ্টা করেছি। কিন্তু এটি খুব পুরু হওয়ায় আমি তা পারিনি। আর আমি চিৎকার চেঁচামেচি করে চমকটা নষ্ট করতে চাইনি।’