প্রেমে প্রত্যাখ্যাত হয়ে কলেজছাত্রীকে ছুরিকাঘাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে প্রেমে প্রত্যাখ্যাত হয়ে জামিল আহমেদ ওরফে মিশু নামের এক যুবক এক কলেজছাত্রীর (২২) মুখে ছুরিকাঘাত করেছেন। গুরুতর অবস্থায় তাঁকে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর যাত্রাবাড়ী থানার ফরিদাবাদে এ ঘটনা ঘটে।পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, ওই ছাত্রী পুরান ঢাকার কবি নজরুল কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। লেখাপড়ার পাশাপাশি তিনি বেসরকারি ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের টেলিফোন অপারেটর হিসেবে চাকরি করেন।আজ বেলা দুইটার দিকে ওই ছাত্রী কর্মস্থল থেকে তাঁর বাবার সঙ্গে রিকশায় ফরিদাবাদ ব্যাংক কলোনির বাসায় ফিরছিলেন। জামিল আহমেদ ফরিদাবাদ ফজলুল হক কলেজের সামনে তাঁদের রিকশার গতিরোধ করেন। একপর্যায়ে জামিল ওই ছাত্রীর মুখে পর পর তিনবার ছুরিকাঘাত করেন। এ সময় ছাত্রীর বাবার চিত্কার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে জামিল পালিয়ে যান।যোগাযোগ করা হলে গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল মোত্তাকিন প্রথম আলোকে বলেন, দেড় বছর ধরে জামিল প্রেম নিবেদন করে আসছিলেন ওই ছাত্রীকে। কিন্তু ছাত্রীটি এ প্রস্তাব প্রত্যাখ্যান করায় জামিল ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।