প্রেমে পড়েছেন রিয়ান্না-কুচার!
সম্প্রতি খবর চাউর হয়েছে, আট সপ্তাহ ধরেই নাকি চুটিয়ে অভিসার চালাচ্ছেন রিদম অ্যান্ড ব্লুজ গায়িকা রিয়ান্না ও মার্কিন অভিনেতা অ্যাস্টন কুচার।গত বছরের নভেম্বরে ডেমি মুরের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার এক মাসের মাথায় এক পার্টিতে রিয়ান্নার সঙ্গে কুচারের দেখা হয়। এক খবরে টিএমজি জানিয়েছে, এর পর থেকেই ঘনিষ্ঠতা বাড়তে থাকে তাঁদের। সম্প্রতি গভীর রাতে কুচারের হলিউডের বাসায় রিয়ান্না হাজির হওয়ার পর থেকেই মূলত তাঁদের ‘বিশেষ’ সম্পর্কের খবর ডালপালা মেলতে শুরু করে।গত সপ্তাহে গভীর রাতে লস অ্যাঞ্জেলেসে অবস্থিত কুচারের বিলাসবহুল বাড়িতে গিয়ে হাজির হন রিয়ান্না। সেখানে চার ঘণ্টা অবস্থানের পর ভোর চারটার দিকে বেরিয়ে যান তিনি। কালো রঙের একটি গাড়িতে চেপে সেখানে গিয়েছিলেন রিয়ান্না। তাঁর এই ভ্রমণের কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া না গেলেও দ্রুত খবর ছড়িয়ে পড়ে, আসলে ৩৪ বছর বয়সী কুচারের প্রেমে হাবুডুবু খাচ্ছেন ২৪ বছর বয়সী এই গায়িকা। উল্লেখ্য, গত বছরের নভেম্বরে হলিউডের অভিনেত্রী ডেমি মুরের সঙ্গে অর্ধযুগের সংসারজীবনের ইতি ঘটে ‘টু অ্যান্ড আ হাফ মেন’ তারকা অ্যাস্টন কুচারের। প্রতারণার অভিযোগ তুলে ডেমিই ছেড়ে যান কুচারকে। এদিকে রিয়ান্না সম্প্রতি খবরের শিরোনাম হন সাবেক প্রেমিক ক্রিস ব্রাউনকে তাঁর সঙ্গে কাজ করার প্রস্তাব দিয়ে। বছর দুয়েক আগে এই ক্রিস ব্রাউনই পিটিয়ে আহত করেছিলেন রিয়ান্নাকে।