প্রেমে বাধা দেওয়ায় মা-বাবাকে হত্যায় ভাড়াটে খুনি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেমে বাধা দেওয়ায় মা-বাবা ও নিজ ভাইকে খুন করার জন্য ভাড়াটে খুনি ডেকে আনেন ভারতের পাঞ্জাবের এক তরুণী। পাঞ্জাবের কাঞ্জিলা গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। তবে তরুণীর এই পরিকল্পনা সফল হয়নি। পাঞ্জাব পুলিশ ইতিমধ্যেই সেই তরুণী ও তাঁর পাঁচ ভাড়াটে খুনিকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোটর সাইকেল, একটি পিস্তল ও গুলি উদ্ধার করেছে পুলিশ।মনপ্রীত কাউর নামের এই তরুণী প্রেমের সম্পর্ক গড়েছিলেন একই গ্রামের গুরমিত সিংয়ের সঙ্গে। কিন্তু দুই পরিবারের মধ্যে বর্ণবৈষম্য থাকায় তরুণীর মা-বাবা ও ভাই তাঁদের বিয়েতে আপত্তি জানান। পরিবারের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে মা-বাবা ও নিজ ভাইকেই খুন করার কঠোর সিদ্ধান্ত নেন মনপ্রীত। আর এজন্য পাঁচ লাখ টাকার বিনিময়ে তিনি ভাড়া করেন পাঁচ খুনিকে। একজন জ্যোতিষীকেও মনপ্রীত ৭০ হাজার টাকা দিয়েছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। দুবার হত্যার চেষ্টা করলেও সফল হতে পারেনি এই ভাড়াটে খুনিরা। পরে তাদের গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ চাঞ্চল্যকর এই ঘটনাটি আরও খতিয়ে দেখার জন্য বিশেষ তদন্ত দল গঠন করেছে। এই হত্যাচেষ্টার পেছনে মনপ্রীতের প্রেমিক গুরমিত সিংয়েরও কোনো হাত আছে কি না, তা-ও তদন্ত করবে পাঞ্জাব পুলিশ।— টাইমস অব ইন্ডিয়া