প্রেমে রাজি না হওয়ায় তরুণী খুন
প্রেমে রাজি না হওয়ায় চট্টগ্রামের সাতকানিয়ায় তানজিনা আক্তার ওরফে জ্যোত্স্না (২১) নামের এক তরুণীকে তাঁর চাচাতো ভাই খুন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার ভোর সোয়া পাঁচটার দিকে সাতকানিয়ার বোয়ালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। তানজিনা আক্তার সাতকানিয়া পৌরসভা এলাকার আবদুল খালেকের মেয়ে। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল সোমবার বিকেলে তানজিনা বোয়ালিয়া এলাকায় তাঁর বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে যান। আজ ভোরে সেখানে যায় তাঁর চাচাতো ভাই মাইনুদ্দিন রাফি। কথা আছে বলে তানজিনাকে ঘুম থেকে তুলে ছুরিকাঘাত করে মাইনুদ্দিন পালিয়ে যায়।পুলিশ তানজিনার স্বজনদের বরাত দিয়ে জানায়, মাইনুদ্দিন তানজিনাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু তানজিনা এতে রাজি হচ্ছিলেন না। তাই ক্ষোভ থেকে মাইনুদ্দিন এই ঘটনা ঘটিয়েছে। তানজিনার বুকে ও পিঠে ছুরির দুটি আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে পুলিশ নিশ্চিত করেছে।