প্রেমের অপরাধে হত্যা
গাজীপুর পৌরসভার বালুচাকুলি এলাকার একটি বিল থেকে আজ বৃহস্পতিবার সকালে একজন প্রকৌশলীর লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম আব্দুল্লাহ আল মোসাবির। নিহতের স্বজন ও এলাকাবাসী জানায়, প্রতিবেশী এক মেয়ের সঙ্গে প্রেমের ঘটনার জের ধরে খুনের ঘটনাটি ঘটেছে। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খুনের সঙ্গে জড়িত সন্দেহে মেয়ের চাচা আ. আউয়ালকে (৫৫) গ্রেপ্তার করা হয়েছে। এলাকাবাসী ও পুলিশ জানায় , টেক্সটাইল প্রকৌশলী মোসাবির গাজীপুর সদরে ইউটা ফ্যাশন নামে পোশাক কারখানায় চাকরি করত। তাঁর সঙ্গে প্রতিবেশী এক মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু মেয়ের পরিবার এটি মেনে নেয়নি। একমাস আগে মেয়ের পরিবারের সদস্যরা সম্পর্ক রাখার কারণে মোসাবিরকে মারধর করে। গত মঙ্গলবার রাত ৯ টার দিকে তিন প্রতিবেশী মোসাবিরকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই সে নিখোঁজ। এ ঘটনায় নিহতের বোন তাহমিনা আক্তার বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা করেছেন। এতে মেয়েটির বাবা দেলোয়ার হোসেন (৫৫) , চাচা আ. আউয়াল (৫৫) ছাড়াও একই এলাকার মোজাম্মেল হকের ছেলে হিমেল (২২) , জামাল উদ্দিনের ছেলে মো. রনি (২০) ও অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে।