প্রেমের দায়ে পাকিস্তানি সেনাকে পাথর ছুড়ে হত্যা
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের কুররাম এলাকায় এক সেনাকে উপজাতি আদালতের নির্দেশে জনসম্মুখে পাথর ছুড়ে হত্যা করা হয়েছে। দেশটির সরকারি কর্মকর্তা ও উপজাতিরা আজ বুধবার জানিয়েছেন, স্থানীয় এক নারীর সঙ্গে ওই সেনার প্রেমের সম্পর্ক থাকায় তাঁকে এ সাজা দেওয়া হয়। রয়টার্স জানায়, আফগান সীমান্তের কাছাকাছি আধা-স্বশাসিত উপজাতি এলাকার আদালতগুলো বেশ শক্তিশালী। এগুলোর কারণে দেশটিতে সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারছে না। এ এলাকায় সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য কয়েক দফায় সামরিক অভিযান চালানো হলেও কোনো ফল হয়নি। খবরে বলা হয়, পাঞ্জাবের অধিবাসী আনোয়ার দীন (২৭) গত বছর বদলি হয়ে যান কুররামের পারাছিনার এলাকায়। সেখানে ইনতিজার বিবির (১৯) সঙ্গে তাঁর সাক্ষাত্। ইনতিজার বিবিদের বাড়ির পাশে এক চৌকিতে দায়িত্বপালন করতেন আনোয়ার।উপজাতি এলাকার লোকজন জানিয়েছেন, দুজনের সম্পর্ক ক্রমে গভীর হয়। একসময় আনোয়ার যখন কাশ্মীরে বদলি হয়ে যান, তখন তিনি ইনতিজারকে সঙ্গে নিয়ে পালাতে চেয়েছিলেন। কিন্তু পরে ধরা পড়ে যান। স্থানীয় উপজাতি আদালত বা জিরগার প্রধান মুনির হুসেইন বলেন, ‘মেয়েটি গত সোমবার বাড়ি থেকে বেরিয়ে যান। তিনি যখন আনোয়ার দীনের সঙ্গে দেখা করেন, তখন গ্রামের লোকজন তাঁদের দেখে ফেলেন। আমরা মেয়েটিকে আটকে রাখি, আর ছেলেটিকে একটি কবরস্থানে নিয়ে যাই। সেখানে তাঁকে পাথর ছুড়ে হত্যা করি।’মুনির বলেন, গত সোমবার আনোয়ারকে হত্যা করা হয়েছে। এক সরকারি কর্মকর্তা বলেন, নারীটিকে গুলি করে হত্যার জন্য জিরগা নির্দেশ দিয়েছে। এটি এখনো পরিষ্কার নয় যে কখন সেটি করা হবে।এ ব্যাপারে সেনাবাহিনীর ভাষ্য পাওয়া যায়নি।পাকিস্তানের অরাজক সীমান্ত এলাকাগুলোর মধ্যে কুররাম হলো একমাত্র এলাকা যেখানে শিয়া ধর্মাবলম্বীরা সংখ্যাগরিষ্ঠ। এ অঞ্চলে শিয়া ও সুন্নিদের মধ্যে দাঙ্গা লেগেই থাকে। তালিবানদের শিয়াবিরোধী প্রচারণা ও আল-কায়েদার রক্তক্ষয়ী লড়াইয়ের প্রধান শিকার শিয়ারা। মুনির বলেন, ইনতিজার একজন শিয়া কিন্তু আনোয়ার ছিলেন সুন্নি।পাকিস্তানের অধিকাংশ উপজাতি এলাকার ওপর রাষ্ট্রের নিয়ন্ত্রণ নেই। এসব এলাকা পাকিস্তানকে রাষ্ট্র হিসেবে স্বীকার করে না এবং দেশটির প্রশাসনিক, অর্থনৈতিক বা বিচারিক কাঠামোর মধ্যে আসেনি।এসব এলাকার লোকেরা বেশির ভাগ সময় বিচার-আচারের জন্য স্থানীয় জিরগা বা পঞ্চায়েতের ওপর নির্ভর করে। বয়োজ্যেষ্ঠ লোকেরা সাধারণত এসব আদালতে ধর্ষণ ও হত্যার মতো ঘটনার বিচার এবং পরিবারে ঝামেলা মেটাতে বা সম্মান রক্ষার্থে নারীদের ভাগাভাগি করার ব্যবস্থা করেন। এসব এলাকায় পুরুষদের চেয়ে নারীদের অবস্থান অনেক বেশি খারাপ।মুনির বলেন, ইনতিজার ও আনোয়ারকে সহায়তা করার দায়ে সাইফ উল্লাহ নামের আরেক সেনাকেও মৃত্যুদণ্ড দেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে। তিনি আরও বলেন, ‘আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য এখানে সেনাদের পাঠানো হয়েছে। তাঁরা যদি এসব করেন, তবে আমরা তাঁদের এখানে থাকতে দেব না। এসব আমাদের সমাজের প্রতি বিদ্রূপ। আমরা অবশ্যই এগুলোকে ঠেকাব।’