প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে জবাই
সাতক্ষীরার তালা উপজেলার আঠারই গ্রামে গতকাল মঙ্গলবার এক স্কুলছাত্রীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম আসমা খাতুন (১৫)। সে তালা জিএনএ পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ছিল। পরিবারের দাবি, প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় বখাটেরা এ হত্যার ঘটনা ঘটিয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী জিয়ালানলতা গ্রামের হাফিজুর নিকারীর বখাটে ছেলে আরমান নিকারী (২২) দীর্ঘ দিন ধরে আসমাকে স্কুলে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করে আসছিল। একপর্যায়ে আরমান আসমাকে প্রেমের প্রস্তাব দেয়। কিন্তু আসমা এ প্রস্তাব প্রত্যাখ্যান করে। সর্বশেষ রোববারও সে আসমাকে উত্ত্যক্ত করে। এ সময় আসমা বিষয়টি গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের জানিয়ে দেবে বলে আরমানকে ভয় দেখায়।নিহত আসমার ভাবি রাফিজা খাতুন ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের সূত্রে জানা যায়, আসমা প্রতিদিনের মতো গতকাল বিকেলে প্রাইভেট পড়ার উদ্দেশে বাড়ি থেকে স্কুলের দিকে রওনা দেয়। বাড়ি থেকে কিছুদূর যাওয়ার পর পরই আরমান ও তার দুই সহযোগী আসমার ওপর ঝাঁপিয়ে পড়ে। তারা ধারালো অস্ত্র দিয়ে আসমার গলায় আঘাত করে। আসমার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। গুরুতর অবস্থায় আসমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ব্যাপারে আরমানের পরিবারের সঙ্গে কথা বলার জন্য তার বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লেয়াকত আলী জানান, এ ঘটনায় নিহত আসমার বাবা হানেফ আলী বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।