প্রেমের ফাঁদ ও ধর্ষণ মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এবং শিশু আইন, ১৯৭৪ অনুসারে ১৬ বছরের অনধিক যেকোনো ব্যক্তিকে শিশু হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। নারী ও শিশু আইন অনুসারে, ১৬ বছরের অধিক কোনো নারীর যৌনকর্মে যদি তার সম্মতি থাকে তা হলে তাকে ধর্ষণ হিসেবে আখ্যায়িত করা যাবে না। ধর্ষণের সংজ্ঞা মূলত আমাদের দণ্ডবিধি আইনের ৩৭৫ ধারায় বর্ণিত আছে। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯ ধারার ব্যাখ্যায় এক ধাপ এগিয়ে উল্লেখ করা হয়েছে, ‘যদি কোনো পুরুষ বিবাহবন্ধন ব্যতীত ১৬ বৎসরের অধিক বয়সের কোন নারীর সহিত তার সম্মতি ব্যতিরেকে কোন ভীতি প্রদর্শন করিয়া বা প্রতরণামূলকভাবে তার সম্মতি আদায় করিয়া অথবা ১৬ বৎসরের কম বয়সের কোন নারীর সহিত তার সম্মতিসহ বা সম্মতি ব্যতিরেকে যৌনসঙ্গম করে তাহা হলে তিনি কোন নারীকে ধর্ষণ করিয়াছেন বলিয়া গণ্য হইবে’। অর্থাৎ ধর্ষণের সংজ্ঞা থেকে আমরা যা পাই, ভিকটিমের বয়স যদি ১৬ বছরের নিচে হয় এবং তার যৌনকর্মে সম্মতি থাকলেও ধর্ষণ হিসেবে গণ্য হবে এবং যিনি ওই ভিকটিমের সঙ্গে যৌনকর্ম করেছেন তিনি ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত হবেন। আর যদি বয়স ১৬ বছরের অধিক হয় তা হলে যৌনকর্মে ভিকটিমের সম্মতি থাকলে তাকে ধর্ষণ হিসেবে গণ্য করা যাবে না এবং যৌনকর্মের সঙ্গীকেও দোষী সাব্যস্ত করে শাস্তি দেওয়া যাবে না। তবে যেকোনো নারীর সম্মতি যদি ভয়ভীতি প্রদর্শন করে অথবা প্রতারণামূলকভাবে আদায় করা হয় তা হলে ওই সব ক্ষেত্রে যৌনকর্ম ধর্ষণের নামান্তর এবং যৌনকর্মের সঙ্গী ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত হবে। আমাদের দেশে প্রায়ই দেখা যায় যে স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়া মেয়েদের প্রেমের ফাঁদেফেলা হয়। পত্রপত্রিকায় এমনও দেখা যায়, খাবারের সঙ্গে, বিশেষ করে কোমল পানীয়ের সঙ্গে নেশাজাতীয় বা যৌন উত্তেজক ওষুধ যেমন—ইয়াবা, ইডেগরা ইত্যাদি সুকৌশলে মিশিয়ে বন্ধু বা প্রেমিক তার প্রেমিকা বা বান্ধবীকে যৌনকর্মে আকৃষ্ট করে বা প্রলুব্ধ করে। বেশির ভাগ ক্ষেত্রে দেখা যায়, প্রেমিক তার প্রেমিকাকে বিয়ের আশ্বাস দিয়ে যৌনকর্মে আকৃষ্ট করে এবং এসব ক্ষেত্রে বিশেষ করে টিন-এজার প্রেমিকারা অতিরিক্ত আবেগ, মোহ ও ভালোবাসার কারণে তার পুরুষ প্রেমিকের কাছে নিজেকে সমর্পণ করতে বাধ্য হয় এবং অনেক ক্ষেত্রে এ ধরনের গোপন অভিসার বা যৌনলালসা চরিতার্থের ঘটনা একাধিকবার ঘটানো হয়ে থাকে। অনেক ক্ষেত্রে প্রেমিকার বিশেষ আশ্বাসে আশ্বস্ত নারীকে গর্ভবতী হতে দেখা যায় এবং শেষ পর্যন্ত এ নিয়ে ভণ্ড প্রেমিক বা প্রতিশ্রুতি দেওয়া ব্যক্তির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ফৌজদারি মামলা হয়। এসব ক্ষেত্রে ভিকটিমের সম্মতি প্রতারণার মাধ্যমে আদায় করা হয়েছে কি না তা প্রতিটি মামলার পারিপার্শ্বিক অবস্থা ও চারিত্রিক দিক বিচার-বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে হয়। কোমল পানীয়ের সঙ্গে যৌন উত্তেজক ওষুধ মিশিয়ে প্রতারণার মাধ্যমে ভিকটিমের সম্মতি আদায় ধর্ষণের শামিল এবং এ ধরনের ঘটনা ধর্ষণের সংজ্ঞার আওতার মধ্যে পড়ার কথা। তবে এ ব্যাপারে উচ্চ আদালতের কোনো সিদ্ধান্ত জানা যায়নি। আমাদের সুপ্রিম কোর্ট হানিফ সেখ বনাম আছিয়া বেগম মামলা, যা ৫১ ডিএলআরের ১২৯ পৃষ্ঠায় এবং অন্য একটি মামলায়, যা ১৭ বিএলটিএর ২৫ পৃষ্ঠায় উল্লেখ আছে ১৬ বছরের অধিক কোনো মেয়েকে যদি কোনো পুরুষ বিয়ের প্রলোভন দিয়ে যৌনকর্ম করে তা হলে তা ধর্ষণের নামান্তর হবে না। আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট সোহেল রানা বনাম রাষ্ট্র মামলায় (যা ৫৭ ডিএলআরের ৫৯১ পৃষ্ঠায় উল্লেখ আছে) বলেছেন, যৌনকর্মের সময় যদি ভিকটিম বাধা না দেয় অথবা বাধা দেওয়ার চেষ্টা না করে অথবা কোনো চিৎকার না দেয় তাহলে ধর্ষণ হয়েছে বলে মনে করা যাবে না। এসব ক্ষেত্রে যৌনকর্মে ভিকটিমের সম্মতি আছে বলে ধরে নিতে হবে। মামলার বিচারক বলেন, ২৭ আগস্ট ২০০৯ তারিখে ধর্ষণের অভিযোগে আনীত একটি মামলায় আসামি হান্নানকে তিনি খালাস দেন। ওই মামলার ঘটনায় ভিকটিম রুনা খাতুন (১৬) (ছদ্মনাম) উল্লেখ করেন যে প্রতিবেশী আসামি হান্নান তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে প্রায় ছয়-সাত মাস ধরে তাদের বাড়িতে অন্যদের অনুপস্থিতিতে বিয়ের আশ্বাস দিয়ে বেশ কয়েকবার যৌনকর্মে মিলিত হয়। যার ফলে ভিকটিম রুনা খাতুন গর্ভবতী হয়। গর্ভবতী হওয়ার পাঁচ মাস পর ভিকটিম তার মাকে জানায় এবং এ ব্যাপারে ইউনিয়ন পরিষদে একটি সালিসও হয়। আসামি হান্নান ভিকটিম রুনা খাতুনকে বিয়ে করতে অস্বীকার করায় চেয়ারম্যান, মেম্বার ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তির সিদ্ধান্তে আসামিকে পুলিশে সোপর্দ করা হয়। এ মামলায় বিচারক আসামিকে খালাস দেন। কারণ হিসেবে তিনি বলেন, ঘটনার সময় ভিকটিমের বয়স কমপক্ষে ১৬ বছর ছিল। এর আগে তার দুবার বিয়ে হয়েছিল এবং আসামির সঙ্গে তার একাধিকবার যৌনকর্মে লিপ্ত হওয়া ভিকটিমের সম্মতিরই নামান্তর। এ ধরনের অনাচার আমাদের সমাজে হরহামেশা দেখা যায়। এহেন প্রতারণা করেও এসব ক্ষেত্রে ভণ্ড প্রেমিকেরা পার পেয়ে যাচ্ছে। এসব ক্ষেত্রে প্রেমিকাদের অবশ্যই বেশি সাবধানতা অবলম্বন করা উচিত।একই বিচারক নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ৪ ফেব্রুয়ারি ২০০৯ তারিখের আরেকটি মামলার কথা উল্লেখ করে বলেন, সাবিনা খাতুন ধর্ষণ ও হত্যা মামলার বিচারে আসামি আজানুর রহমান, মামুন, শুকুর, কামরুল কামু এবং সেন্টুকে তিনি ফাঁসির রায় দেন। মামলার ঘটনাটি এ রকম: ২৫ মার্চ ২০০৪ সাবিনা খাতুন (১৩) সন্ধ্যার দিকে প্রতিবেশী নুরার বাড়িতে টিভি দেখতে গিয়েছিল। সেখান থেকে আসামি কামু ও সেন্টু তাকে ডেকে নিকটবর্তী তামাকখেতে নিয়ে যায় এবং উপর্যুপরি ধর্ষণ ও পরে চাকু দ্বারা ক্ষত-বিক্ষত করে হত্যা করে। ওই ঘটনায় মামুন ও আজানুর অপর তিনজনকে জড়িত করে ম্যাজিস্ট্রেটের কাছে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। তাদের দুজনের স্বীকারোক্তি থেকে জানা যায়, আসামিরা ভিকটিমকে তার ওড়না দিয়ে বেঁধে দুই হাত চেপে ধরে পর্যায়ক্রমে কামু, সেন্টু, আজানুর ও মামুন নির্দায়ভাবে ধর্ষণ করে। সেন্টু ও আজানুর ধর্ষণ করার সময় ভিকটিম অজ্ঞান হয়ে পড়ে। ধর্ষণ শেষ হওয়ার পর আসামি শুকুর তার কোমর থেকে চাকু বের করে ধর্ষণের কথা যাতে জানাজানি না হয় সে কারণে উপর্যুপরি সাবিনা খাতুনের গোপনাঙ্গ ও স্তনসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। আঘাতের একপর্যায়ে সাবিনা মৃত্যুবরণ করে। ময়নাতদন্ত প্রতিবেদনেও মৃত সাবিনাকে উপর্যুপরি ধর্ষণ শেষে চাকু দ্বারা রক্তাক্ত জখম করে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করা হয়। সাক্ষীদের সাক্ষ্য থেকে ও দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদানকারী আসামিদের বক্তব্য থেকে জানা যায়, ঘটনার পরপরই এই পাঁচ আসামিকে তাদের বাড়িতে অনুপস্থিত থাকতে দেখা যায় এবং তারা এলাকার বাইরে চলে যায়। এ মামলার ঘটনায় কোনো প্রত্যক্ষদর্শী সাক্ষী ছিল না। আসামিদের দোষ স্বীকারোক্তিমূলক বক্তব্য সত্য ও স্বেচ্ছাপ্রণোদিত অভিহিত করে ঘটনার পারিপার্শ্বিকতা বিচার -বিশ্লেষণে এবং মৃত সাবিনা খাতুনের প্রতি চরম নিষ্ঠুরতা ও নির্মমতা প্রদর্শনের কারণে পাঁচজনকে ফাঁসিতে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। এ রায় দেওয়ার ব্যাপারে বিচারক প্রচুর বিচার-বিশ্লেষণ ও বিভিন্ন দিক চিন্তাভাবনা করেন এবং উচ্চ আদালতের বিভিন্ন নজির উল্লেখ করেন।লেখক  বিচারক (জেলা জজ) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, কুষ্টিয়া।