প্রেমের বিয়ে, তবু যৌতুকের চাপ, শেষে দগ্ধ হয়ে হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌতুক না পেয়ে পুরান ঢাকার বংশালের আবুল হাসনাত রোডে আফরিন সুলতানা (২৫) নামে এক গৃহবধূর শরীরে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে। সারা শরীরে ব্যান্ডেজ নিয়ে আফরিন এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মৃত্যুর সঙ্গে লড়ছেন। চিকিৎসকেরা বলেছেন, আফরিনের অবস্থা সংকটাপন্ন।তবে হাসপাতালের বিছানায় অস্পষ্ট কণ্ঠে আফরিন বলেন, স্বামী ও শাশুড়ির নির্যাতনে অতিষ্ঠ হয়ে তিনি কেরোসিন ঢেলে নিজের শরীরে আগুন দিয়েছেন। এ সময় তাঁর স্বামী মাহবুবুল আলমও অগ্নিদগ্ধ হন।বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান প্রথম আলোকে জানান, অগ্নিদগ্ধ গৃহবধূর বাবা আতাউর রহমান বাদী হয়ে আফরিনের স্বামী মাহবুবুল আলম, শ্বশুর আইনজীবী আবদুস সালাম ও শাশুড়ি হালিমা খানমকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে হত্যাচেষ্টার মামলা করেছেন। পুলিশ শ্বশুর সালাম ও স্বামী মাহবুবকে গ্রেপ্তার করেছে। পুলিশি প্রহরায় মাহবুবকে বার্ন ইউনিটে রাখা হয়েছে।গত শুক্রবার রাতে ৪৭ নম্বর আবুল হাসনাত রোডের স্বামীর বাসা থেকে মারাত্মক অগ্নিদগ্ধ অবস্থায় আফরিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়। বার্ন ইউনিটের রেজিস্ট্রার আশরাফুজ্জামান প্রথম আলোকে বলেন, আফরিনের শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে। তাঁর বাঁচার সম্ভাবনা কম।আফরিনের স্বামী মাহবুবুল আলমের দুই হাত ও ডান পা পুড়ে গেছে। মাহবুবুল আলম দাবি করেন, তিনি রাজধানীর বেসরকারি নর্দান ইউনিভার্সিটির আইন (সম্মান) শাখায় পড়েন। শুক্রবার ইফতারের আগে প্রথমে তাঁর স্ত্রীর সঙ্গে মায়ের কথা-কাটাকাটি হয়। এরপর মায়ের সঙ্গে তাঁর (মাহবুব) তর্কাতর্কি হয়। এ সময় আফরিন মধ্যস্থতা করতে গেলে তাঁকে বকাঝকা করা হয়। এতে আফরিন আত্মহত্যার হুমকি দেন। এরপর তিনি শোবার ঘরে গিয়ে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। তিনি পানি ঢেলে আফরিনের আগুন নেভান। মাহবুবুল দাবি করেন, আফরিনকে বাঁচাতে গিয়ে তিনি নিজেও দগ্ধ হন। আফরিনকে নির্যাতনের কথা তিনি অস্বীকার করেন।শুক্রবার রাতে বার্ন ইউনিটে আফরিনের শ্বশুর আবদুস সালাম সাংবাদিকদের জানান, ঘটনার সময় তিনি বাসায় ছিলেন না। শুক্রবার মাগরিবের নামাজের পর বাসায় ফিরে পুত্র ও পুত্রবধূকে অগ্নিদগ্ধ অবস্থায় পান। তিনি জানান, আফরিনকে মারধর ও দুর্ব্যবহার করতেন তাঁর ছেলে। ওই রাতে আফরিনের শাশুড়ি হালিমা খানম ছেলেকে এ জন্য দুষেছেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘ছেলেকে বলেছি, আফরিনকে মারধর করিছ না। ওকে ভালো না লাগলে বাপের বাড়িতে দিয়ে আয়। কিন্তু মাহবুব কথা শোনেনি।’বার্ন ইউনিটে অগ্নিদগ্ধ মেয়ের পাশে মা সেলিনা আক্তার ও বাবা আতাউর রহমান কান্নায় ভেঙে পড়েন। তাঁরা অভিযোগ করেন, স্বামী ও শাশুড়ি মিলে আফরিনের শরীরে কেরোসিন ঢেলে আগুন দেন। পরে ঘটনা ভিন্ন খাতে নিতে আফরিনের স্বামী নিজের হাতে ও পায়ে আগুন দেন।আফরিনের মা-বাবা জানান, দুই বছর আগে আফরিন প্রেম করে মাহবুবকে বিয়ে করেন। মাহবুব বেকার থাকায় তাঁরা প্রথমে মেনে না নিলেও পরে মেনে নেন। গত ১৩ জানুয়ারি আফরিনকে আনুষ্ঠানিকভাবে তাঁর শ্বশুরবাড়িতে তুলে দেওয়া হয়। চাহিদামতো পাঁচ লাখ টাকা যৌতুক, ২৫ ভরি অলংকার ও আসবাব না দেওয়ায় আফরিনের শাশুড়ি ক্ষিপ্ত হন। কিছুদিন না যেতেই শাশুড়ি হালিমা তাঁর ছেলে মাহবুবকে দিয়ে আফরিনকে নির্যাতন শুরু করেন। কিন্তু প্রথম দিকে আফরিন সাংসারিক এসব অশান্তির কথা তাঁদের বলতেন না। সেলিনা আক্তার বলেন, ‘আফরিনের শান্তির কথা ভেবে আসবাব কিনেছিলাম, ইচ্ছা ছিল, ঈদের সময় ওকে দেব। কিন্তু এখন যে সবই শ্যাষ হইয়া গেল।’ তিনি অভিযোগ করেন, নির্যাতনের শিকার হয়ে আফরিন এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। আফরিনের শরীরে অসংখ্য নির্যাতনের ক্ষতের চিহ্নের ছবি তাঁরা তুলে রেখেছেন।আফরিনের বাবা আতাউর অভিযোগ করেন, তাঁর মেয়ে অগ্নিদগ্ধ হলেও তাঁদের জানানো হয়নি। তাঁর স্ত্রীকে ফোনে বলা হয়, ‘মাহবুবের সমস্যা হয়েছে। সে হাসপাতালে আছে।’ পরে বার্ন ইউনিটে গিয়ে আফরিনকে অগ্নিদগ্ধ পান তাঁরা।গতকাল বংশাল থানার ওসি বলেন, গৃহবধূর পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। ঘটনার সাক্ষী হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন আফরিনের অবস্থার উন্নতি হলে তাঁর সঙ্গে কথা বলে এবং তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে, আফরিনের শরীরে আগুন দেওয়া হয়েছে নাকি তিনি নিজে আগুন দিয়েছেন। আফরিনের শাশুড়ি হালিমা পলাতক।