প্রেরণা ছড়ানো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকাল থেকে হইহুল্লোড়। দুপুরে খাওয়ার পর একটু যেন ক্লান্তি ভর করে মেধাবী শিক্ষার্থীদের দেহে। তখনই আসে মঞ্চের সামনে আসার ডাক। কিছুক্ষণের মধ্যেই ভরে গেল সামনের জায়গাটা। প্রথম আলোর ফিচার সম্পাদক সুমনা শারমিন উঠে এলেন মঞ্চে। তিনি শিক্ষার্থীদের বিজয়ের লক্ষ্যে এগিয়ে যাওয়ার সাহস দিলেন। তাঁর কথা শেষে মঞ্চে আসেন প্রথম আলোর উপসম্পাদক সাহিত্যিক আনিসুল হক। তিনি শিক্ষার্থীদের মজার গল্প বলে মাতিয়ে তোলেন। তিনি মাদককে প্রতিহত করার ঘোষণা দিতেই শিক্ষার্থীরা হাত তুলে ‘না’ ধ্বনিতে তাঁদের সমর্থন জানিয়ে দেয়। এরপর নন্দন গ্রুপের সিইও মশরুর চৌধুরী অল্প কথায় সবাইকে স্বপ্ন দেখার কথা বলেন। তাঁর মতে, স্বপ্নের অনেক জোর, অনেক শক্তি।ঢাকার শ্রেষ্ঠ মেধাবীদের শুভেচ্ছা জানিয়ে তাদের বর্ষার কবিতা শোনাতে দৃপ্তপায়ে মঞ্চে এলেন সফেদ দাড়ির কবি নির্মলেন্দু গুণ। মেধাবীদের সামনে কিছু কথা বলার জন্য পরে মঞ্চে আসেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মানবাধিকারকর্মী সুলতানা কামাল। নন্দনের মাঠে উচ্ছ্বসিত শিক্ষার্থীদের তিনি ভালো ফল করার পাশাপাশি মানুষের মতো মানুষও হতে বললেন। তাঁর এই আহ্বানে শিক্ষার্থীরাও হাত তুলে সাড়া দেয়। মেধাবীদের সঙ্গে কিছু সময় কাটানোর জন্য ততক্ষণে বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে সঙ্গে নিয়ে মঞ্চে আসেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। অনেক বড় মানুষ হয়ে আলোকিত বাংলাদেশ গড়তে বললেন মতিউর রহমান। তিনি দীর্ঘদিনের বন্ধু নুরুল ইসলাম নাহিদকে শিক্ষার্থীদের উদ্দেশে কিছু বলার জন্য আহ্বান জানান। শিক্ষামন্ত্রী কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের একটি উন্নত দেশ গড়ার প্রত্যয় জাগাতে বলেন। তিনি উদাহরণ দিয়ে বলেন, প্রথমবার জিপিএ-৫ পেয়েছিল মাত্র ৮২ জন। আর এবার পেয়েছেন ৮৯ হাজার ৯৬৮ জন। সহস্র মেধাবীই পারে নিরক্ষরমুক্ত সুখী-সমৃদ্ধ দেশ গড়তে। তিনি বলেন, ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই দেশটিকে গড়ার দায়িত্ব এখন এই শিক্ষার্থীদের। শিক্ষামন্ত্রীর এই আহ্বানের প্রত্যুত্তরে শিক্ষার্থীরাও দীপ্তকণ্ঠে সমস্বরে ‘বাংলাদেশ বাংলাদেশ’ ধ্বনিতে তাদের প্রত্যয় ব্যক্ত করে। নন্দনে উপস্থিত গুণীজনেরা মেধাবীদের অন্তরে যে দ্বীপশিখা জ্বালিয়েছেন, তা অটুট থাকবে দীর্ঘ সময়।