প্রেরণার বৈশাখ আবার এল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কায়মনে বাঙালি হওয়ার প্রেরণা নিয়ে আবার এল বৈশাখ। তবে এবার এক ভিন্ন পরিস্থিতিতে উদ্যাপিত হতে যাচ্ছে বাংলা নববর্ষ। সাম্প্রদায়িকতা ও হিংসাত্মক কর্মকাণ্ডের মুখে বাঙালির সব কৃতি, গৌরব নিয়েও কেমন যেন উৎকণ্ঠা চলছে। তবে এসব ছাপিয়েই আজ রোববার উৎসবের রঙে সাজবে বাংলাদেশ। স্বাগত জানাবে ১৪২০ বঙ্গাব্দকে। আপন জাতিসত্তার গৌরব ও সাংস্কৃতিক উত্তরাধিকারের চেতনা নিয়ে দেশ ও দেশের বাইরে প্রবাসী বাঙালিরা প্রাণের উচ্ছ্বাসে বাংলা বছরের প্রথম দিনটিকে বরণ করবেন আজ।ঢাকায় বৈশাখী উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ চারুকলা অনুষদের মঙ্গল শোভাযাত্রা বের হবে সকাল নয়টায়। এবারের মঙ্গল শোভাযাত্রার প্রধান প্রতীক বিশাল আকারের একটি মুষ্টিবদ্ধ হাত। অসাম্প্রদায়িক চেতনার প্রতীক হিসেবে মিছিলে বহন করা হবে এ মুষ্টিবদ্ধ হাত। ঐক্য ও সৌহার্দ্যের প্রতীক হিসেবে থাকবে যশোর অঞ্চলের শোলার পাখির আদলে তৈরি করা যুগল পাখি। বিদ্রোহী ষাঁড়ের প্রতিকৃতি থাকবে বাঙালির আপসহীন সংগ্রামের রূপক হিসেবে। এ ছাড়া সম্প্রতি প্রয়াত শিল্পী মরণ চাঁদ পালের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে শোভাযাত্রায় রাখা হবে পোড়ামাটির রিকশার আদলে তৈরি একটি কাঠামো। আর কয়েক হাজার ত্রিমাত্রিক মুখোশ, পাখি, ফুল এসব তো থাকবেই। চারুকলার আয়োজন অবশ্য গতকাল সন্ধ্যা থেকেই বকুলতলায় চৈত্রসংক্রান্তির গানের আসরের মধ্য দিয়ে শুরু হয়ে গেছে।তথ্য ও যোগাযোগপ্রযুক্তির অভাবিত উন্নতির এই সময়ে বিশ্ব এখন বাস্তবিকই এক অভিন্ন গ্রাম। প্রতিনিয়তই রূপান্তর ঘটছে সংস্কৃতির। তা সত্ত্বেও হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্যের গর্বে গরীয়ান বাঙালি আপন কৃষ্টির শিকড়কে আঁকড়ে ধরে বিশ্বসভায় মিলিত হতে সচেষ্ট। সেই বাস্তবতায় অর্থনৈতিক লেনদেন, ব্যবসা-বাণিজ্য প্রভৃতি প্রাত্যহিক কর্মকাণ্ড পরিচালনায় গ্রেগরিয়ান দিনপঞ্জিকা অনুসরণ করতে হয়। তবে বাঙালি তার নিজস্ব বর্ষপঞ্জিকে একেবারে বিসর্জন দেয়নি। নানা ক্ষেত্রে অনুসরণ করছে নিজেদের বর্ষপঞ্জি। বিশেষ করে নববর্ষকে রূপায়িত করে তুলেছে জাতির জীবনের প্রধানতম সর্বজনীন উৎসব হিসেবে। নানা কারণে ধূমায়মান হয়ে ওঠা ভেদবুদ্ধি ঘুচিয়ে, নতুন বছরের নব প্রভাতের আলো অন্তরে জাগিয়ে তুলবে মহামিলনের আকুলতা। নববর্ষ উপলক্ষে আজ সরকারি ছুটি। প্রতিবারের মতোই রাজধানী ঢাকা আজ পরিণত হবে উৎসবের নগরে। লাল-সাদা নকশার পরিধেয় পাবে প্রাধান্য। নারীর কবরীতে থাকবে তাজা ফুলের মালা, হাতে বেলোয়ারি কাচের চুড়ি। ক্লান্ত শিশুটিকে কাঁধে তুলে নিয়ে বাবা রঙিন কাগজের চরকি, ঢোকাল, পাখি অথবা টুমটুমি গাড়ি কিংবা নারকেল মালার ছোট্ট একতারা কিনবেন। ঢোল-ঢাগরার বাদ্য, বাঁশির প্যাঁ-পুঁ, অগণিত কণ্ঠস্বর আর গানের সুরের কলরোলে এক মহা আনন্দের ঐকতান ভেসে যাবে বৈশাখী দমকা হাওয়ায়।নগরজুড়ে বৈশাখী উৎসবের আয়োজন থাকবে অজস্র। নগরজীবনে বৈশাখবরণের সূচনা করেছিল ঐতিহ্যবাহী সংগীত শিক্ষাপ্রতিষ্ঠান ছায়ানট, রমনার বটমূলে ১৯৬৭ সালে। এবারও তারা সেই প্রভাতি অনুষ্ঠান করবে ওই প্রাচীন মহিরুহের ছায়াচ্ছন্ন তলায়। সকাল ছয়টা ১৫ মিনিটে যন্ত্রবাদন দিয়ে শুরু হবে তাদের পরিবেশনা। এ ছাড়া সংগীত সংগঠন সুরের ধারা ও চ্যানেল আইয়ের আয়োজনে ভোর সাড়ে পাঁচটায় হাজার কণ্ঠের গান দিয়ে বর্ষবরণের অনুষ্ঠান হবে শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে। সুরের ধারার এ আয়োজন অবশ্য গতকাল শনিবার সন্ধ্যা থেকেই শুরু হয়েছে। গতকাল ছিল বর্ষশেষ উপলক্ষে সংগীতানুষ্ঠান। এ ছাড়া সকালে শিশু একাডেমীর সামনের নারকেল বীথি চত্বরে গানের অনুষ্ঠান করবে ঋষিজ শিল্পীগোষ্ঠী। ধানমন্ডি লেকের পাশে সকাল থেকেই শুরু হবে ইউডার (ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভ) বর্ষবরণ অনুষ্ঠান। সম্মিলিত সাংস্কৃতিক জোটের উৎসব হবে বিকেল সাড়ে চারটায় রবীন্দ্রসরোবর চত্বরে। বাংলা একাডেমী মাঠে সকাল থেকেই শুরু হবে বিসিকের ডিজাইন সেন্টারের আয়োজনে সারা দেশের ঐতিহ্যবাহী কারুপণ্য নিয়ে বৈশাখী মেলা।মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান এয়ারটেল ও প্রথম আলোর আয়োজনে গতকাল রাত ১১টা থেকে ভোর পর্যন্ত সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে আঁকা হয় ‘বৈশাখী আলপনা’। আজকের বৈশাখী উৎসবের প্রধান কেন্দ্র রমনা-শাহবাগ-সোহরাওয়ার্দী উদ্যান এলাকা। মনে রাখতে হবে, মহানগর পুলিশ জানিয়ে দিয়েছে, কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হলেও রমনা উদ্যান ছাড়াতে হবে বিকেল পাঁচটার মধ্যে আর সোহরাওয়ার্দী উদ্যান থেকে ফিরতে হবে সাতটার মধ্যেই। বাণী: বাংলা নববর্ষ উপলক্ষে এক বাণীতে অস্থায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ‘অমিত সম্ভাবনা নিয়ে সমাগত নতুন দিনটি জাতীয় জীবনের সর্বক্ষেত্রে আমাদের ঐক্যকে আরও সুদৃঢ় করবে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বিশ্বের সব বাঙালিকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ‘পয়লা বৈশাখে বাঙালি সংস্কৃতির চর্চা আমাদের জাতিসত্তাকে আরও বিকশিত করবে এবং সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা ও সব অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়তে শক্তি জোগাবে।’