প্রেসক্লাবে চলছে বিভিন্ন সংগঠনের কর্মসূচি
জাতীয় প্রেসক্লাব এলাকায় আজ মঙ্গলবার সকাল থেকে একসঙ্গে বেশ কয়েকটি সংগঠনের মানববন্ধন কর্মসূচি শুরু হয়েছে। সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত সময়ে সেখানে অন্তত নয়টি সংগঠন এই কর্মসূচি পালন করছে।সকাল ১০টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির নেতা খায়রুল কবিরের মুক্তির দাবিতে মুক্তিযুদ্ধ প্রজন্ম দল, আমানুল্লাহ আমানের মুক্তির দাবিতে ঢাকা জেলা ছাত্রদল, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তির দাবিতে ফখরুল ইসলাম আলমগীর মুক্তি পরিষদ, সাগর-রুনি হত্যা বিচারের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ মানববন্ধন কর্মসূচি পালন করছে। একই সময় প্রেসক্লাবের সামনের রাস্তায় অনশন কর্মসূচি পালন করে জাতীয় ঘাট শ্রমিক লীগ। এর পশ্চিমে অবস্থান নিয়েছেন গ্রামপুলিশের সদস্যরা। এ ছাড়া প্রেসক্লাবের সামনে পল্টনগামী রাস্তায় মানববন্ধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং সাউথ এশিয়ান গ্রাসরুট ডেভালপমেন্ট সংগঠনের কর্মীরা।প্রেসক্লাব এলাকায় বিভিন্ন সংগঠনের কর্মসূচির কারণে রাস্তার দুই পাশের অর্ধেকের বেশি জায়গা মানববন্ধনে অংশ নেওয়া নেতা-কর্মীদের দখলে রয়েছে। এতে প্রেসক্লাব থেকে পল্টন ও প্রেসক্লাব থেকে মত্স্য ভবন পর্যন্ত এলাকায় স্বাভাবিকের চেয়ে বেশি যানজট দেখা গেছে।