প্রেসক্লাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপনে অনুমতি চেয়ে আলটিমেটাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি স্থাপনের অনুমতি দিতে ব্যবস্থাপনা কমিটিকে ১৬ এপ্রিল পর্যন্ত সময় বেঁধে (আলটিমেটাম) দেওয়া হয়েছে। অন্যথায় পর দিন জাতীয় প্রেসক্লাবে সমাবেশ করে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন করা হবে। আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের এক সংবাদ সমাবেশ থেকে এই সময় বেঁধে দেওয়া হয়। সম্প্রতি বিভিন্ন জায়গায় জাতীয় পতাকা পোড়ানো, শহীদ মিনার ভাঙচুর, মসজিদের জায়নামাজে আগুন ও সংখ্যালঘুদের ওপর জামায়াত-শিবিরের তাণ্ডবের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।বিএফইউজের একাংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী বলেন, আজ জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন করার কথা ছিল, কিন্তু ব্যবস্থাপনা কমিটি তাদের সেই অনুমতি দেয়নি। তাই অনুমতি চেয়ে কমিটির কাছে আবেদন করলে কমিটির কিছুটা সময় চেয়েছে। এ ব্যাপারে ব্যবস্থাপনা কমিটিকে ১৬ এপ্রিল পর্যন্ত সময় দেওয়া হয়েছে।এদিকে বর্তমান ব্যবস্থাপনা কমিটি সাংবাদিকদের সদস্যপদ বাতিল করে দেওয়াসহ নানা ধরনের হুমকি-ধমকি দিচ্ছে বলে অভিযোগ করেন ইকবাল সোবহান। এ সমাবেশে বৈশাখী টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুল বলেন, বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন করা হলে জাতীয় প্রেসক্লাব নিজেই সম্মানিত হবে। সাংবাদিকসমাজ দায়মুক্ত হবে। তাই এ প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। আজকের সমাবেশে আরও বক্তব্য দেন সাংবাদিক নেতা শফিকুর রহমান, শাহ আলমগীর, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহেদ চৌধুরী প্রমুখ।