প্রেসক্লাবের সামনে ইসলামি ও সমমনা ১১ দলের মানববন্ধন
ইসলামি ও সমমনা ১১ দলের নেতা ও খেলাফত আন্দোলনের মহাসচিব জাফরুল্লাহ খান বলেছেন, এ সরকারের পতন না হওয়া পর্যন্ত ইসলামের উন্নতি হবে না। আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনগুলোর এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এ কথা বলেন।সংশোধিত সংবিধানে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনস্থাপনের দাবিতে এবং বিসমিল্লাহর অর্থ বিকৃতি, ইসলামবিরোধী নারীনীতি ও শিক্ষানীতি প্রণয়ন ও মহানবীর (স.) প্রতি ধৃষ্টতা প্রদর্শনের প্রতিবাদে ইসলামি ও সমমনা দলগুলো এ মানববন্ধন করে। মানববন্ধনে অংশ নিয়ে ইসলামি ও সমমনা দলগুলোর নেতারা বলেন, সরকার সংবিধানে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনস্থাপন না করলে দেশের ৯০ শতাংশ ভোট থেকে বঞ্চিত হবে। তাদের আবার রাষ্ট্র ক্ষমতায় আসার সাধ পূরণ হবে না।মানববন্ধনে আবদুর রব ইউসুফীর সভাপতিত্বে দলগুলোর কেন্দ্রীয় নেতা আবদুর রকিব, আবদুল লতিফ নেজামী, গোলাম মর্তুজা, মহিউদ্দিন রব্বানী, খলিলুর রহমান মাদানী প্রমুখ বক্তব্য দেন।