সড়ক দুর্ঘটনায় ইংরেজি দৈনিক ইনডিপেন্ডেন্টের জ্যেষ্ঠ সাংবাদিক বিভাস চন্দ্র সাহা (৪৭) নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন সাংবাদিকেরা। দুপুর ১২টার দিকে সাংবাদিকেরা এই মানববন্ধন করেন। একপর্যায়ে সাংবাদিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে জাতীয় প্রেসক্লাবের সামনে তোপখানা সড়কে প্রায় দুই ঘণ্টা সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।পরে সাংবাদিকেরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন পরিবহন মালিকের পক্ষ থেকে বিভাসের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান। মানববন্ধনে সাংবাদিকেরা নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের পদত্যাগ দাবি করেন।এর আগে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের পরে বিভাসের মরদেহ ঢাকা রিপোর্টারস ইউনিটির সামনে নেওয়া হয়। এ সময় সাংবাদিকেরা তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানান। এ সময় ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ক্রাইম রিপোর্টারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্র্যাব) সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। আজ বিকেলে রাজারবাগ শশ্মানে তাঁর শেষকৃত্যাষ্ঠান হয় ।গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ধানমন্ডিতে স্টার কাবাবের সামনে মৈত্রী পরিবহনের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাংবাদিক বিভাস চন্দ্র সাহা নিহত হন। বাসটিকে পরে আটক করা হয়। বিভাসের সন্তান নেই। তাঁর স্ত্রী তপতী রানী সাহা গুরুতর অসুস্থ। রাজধানীর উত্তর শাহজাহানপুর এলাকায় তাঁর বাসা।