প্রেসক্লাবের সামনে সংঘর্ষে আহত ১০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের নিষেধাজ্ঞার কারণে মহাসমাবেশ করতে না পেরে বিক্ষোভ করতে গেলে গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ধর্মভিত্তিক দলগুলোর মোর্চা সমমনা ইসলামি ও ১২ দলের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে পুলিশ, সাংবাদিক, বিক্ষোভকারীসহ অন্তত ১০০ জন আহত হয়েছেন।এ সময় বিক্ষোভকারীরা পুলিশের একটি ভ্যানসহ তিনটি গাড়ি ও একটি মোটরসাইকেল পুড়িয়ে দেন। আরও অন্তত ১০টি গাড়ি ভাঙচুর করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে অন্তত ৫০ জনকে আটক করেছে।এদিকে পূর্বঘোষিত মহাসমাবেশ করতে না দেওয়া ও পুলিশি হামলার প্রতিবাদে আজ রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে সমমনা ইসলামি ও ১২ দল।সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও অবিচল বিশ্বাস পুনঃস্থাপন, নারীনীতি বাতিল, শিক্ষানীতি সংশোধনসহ সব ‘ইসলামবিরোধী’ আইন বাতিলের দাবিতে গত ২৪ জুলাই সমমনা ও ইসলামি ১২ দল রাজধানীর পল্টন ময়দানে মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করে। গতকাল শনিবার বিকেলে এই মহাসমাবেশ হওয়ার কথা ছিল। কিন্তু আগের দিন শুক্রবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পল্টন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করে। সমমনা ১২ দল নিষেধাজ্ঞা উপেক্ষা করে মহাসমাবেশ করার ঘোষণা দেয়।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল থেকেই পল্টনসহ আশপাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন ছিল। এরই মধ্যে সকালে ১২ দলের নেতা-কর্মীরা জাতীয় প্রেসক্লাবের ভেতরে ও বাইরে অবস্থান নেন। সোয়া ১১টার দিকে তাঁরা প্রেসক্লাব থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বের হওয়ার চেষ্টা করেন। এ সময় বাধা দিলে দলগুলোর নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। সংঘর্ষ পুরো তোপখানা রোডে ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা প্রেসক্লাবের ভেতরে একজন ফটোসাংবাদিকের মোটর-সাইকেলে এবং রাস্তায় পুলিশের একটি ভ্যান ও দুটি বাসে আগুন দেন। আরও প্রায় ১০টি গাড়ি ভাঙচুর করেন তাঁরা। সংঘর্ষে পুলিশ, সাংবাদিক ও ইসলামি দলগুলোর অন্তত ১০০ জন আহত হন। এ সময় পুলিশ পুরানা পল্টন মোড় ও তোপখানা সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। বেলা একটায় আবার যানবাহন চলাচল শুরু হয়। প্রায় এক ঘণ্টা সংঘর্ষের পর পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় অন্তত ৫০ জনকে আটক করে পুলিশ। এঁদের মধ্যে ইসলামি ১২ দল ছাড়াও ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরাও রয়েছেন।আটক হওয়ার পর ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, ইসলামী খেলাফত আন্দোলনের আমির শাহ আহমদুল্লাহ আশরাফ, একই সংগঠনের সহকারী সাংগঠনিক সম্পাদক মুফতি ফখরুল ইসলাম উপস্থিত সাংবাদিকদের বলেন, ইসলামি দলগুলোর শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ অতর্কিত হামলা চালিয়েছে। নেতারা মহাসমাবেশে সরকারের নিষেধাজ্ঞা, পুলিশি হামলা ও প্রচারপত্র বিলিতে বাধা দেওয়ার প্রতিবাদে আজ রোববার রাজধানীসহ সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেন। তবে বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার সফরের কারণে বগুড়া, দিনাজপুর ও রংপুরকে হরতালের আওতামুক্ত রাখা হয়েছে। আটক ঢাকা মহানগর যুবদলের সহসভাপতি শরীফ হোসেন সাংবাদিকদের কাছে দাবি করেন, অন্য একটি অনুষ্ঠানে তিনি প্রেসক্লাবের ভেতরে অবস্থান করছিলেন। ১২ দলের কর্মসূচির সঙ্গে তাঁদের কোনো সম্পৃক্ততা নেই।গত রাতে বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, নাসির উদ্দীন পিন্টুর মুক্তির দাবিতে কর্মসূচিতে অংশ নেওয়া যুবদলের ৩১ জন নেতা-কর্মীকে পুলিশ বিনা কারণে আটক করেছে।পুলিশের রমনা বিভাগের উপকমিশনার নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, বিএনপির নেতা নাসির উদ্দীন পিন্টুর মুক্তির দাবিতে পিন্টু মুক্তি আন্দোলন পরিষদের ব্যানারে প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও ভেতরে আলোচনা সভা চলছিল। এতে অংশ নেওয়া যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা ইসলামি দলগুলোর সঙ্গে একত্র হয়ে পুলিশের ওপর হামলা চালান। হামলায় পুলিশের প্রায় ৫০ জন সদস্য আহত হন বলে উপকমিশনার দাবি করেন। তিনি বলেন, এই হামলার ঘটনায় একাধিক মামলা করবে পুলিশ। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে গতকাল রাতেও অভিযান চালানো হয়েছে।যুবদলের ৩১ জন আটক, বিএনপির নিন্দা: গত রাতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে যুবদলের ৩১ নেতা-কর্মী এবং ইসলামী ঐক্যজোটের মহাসচিব ও ১৮ দলীয় জোটের নেতা আবদুল লতিফ নেজামীকে গ্রেপ্তার করার তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন।এ ছাড়া ইসলামী ঐক্যজোটের আমির মুফতি ফজলুল হক আমিনী এক বিবৃতিতে সমমনা ১২ দলের নেতাদের গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাঁদের মুক্তি দাবি করেন। তিনি আজকের হরতালে সমর্থন জানান।