প্রেসক্লাবের সামনে সভা-সমাবেশ করতে দেয়নি পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সভা-সমাবেশে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার সকালে জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশ ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সমাবেশে পুলিশ বাধা দিয়েছে বলে এই অভিযোগ ওঠে।আজ বেলা সাড়ে ১১টার দিকে প্রেসক্লাবের সামনে জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি বাহারানে সুলতান বাহার প্রথম আলো ডটকমের কাছে অভিযোগ করেন, ‘এখানে আজ আমাদের সমাবেশ ছিল। কিন্তু পুলিশ এখানে কোনো ধরনের সমাবেশ করতে দেয়নি। তাই আমরা সমাবেশ না করে চলে যাচ্ছি।’বিএফইউজের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী বলেন, “আমার দেশ” পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি ও প্রেস খুলে দেওয়া এবং দিগন্ত ও ইসলামিক টিভির সম্প্রচার চালুর দাবিতে আজ জাতীয় প্রেসক্লাবের সামনে পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ ছিল। কিন্তু সকালে পুলিশের দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা ইউনিয়ন অফিসে এসে প্রেসক্লাবের সামনে সভা-সমাবেশ না করার জন্য অনুরোধ করেন। তাঁরা মাইক ব্যবহার না করে মানববন্ধন করতে বলেন। এর পরিপ্রেক্ষিতে আমরা জাতীয় প্রেসক্লাবের ভেতরে বিক্ষোভ-সমাবেশ করছি।’সাংবাদিক নেতা শওকত মাহমুদ বলেন, ‘দেশের কোথাও ১৪৪ ধারা জারি করা হয়নি যে আমরা সভা-সমাবেশ করতে পারব না। দেশের ইতিহাসে এ ধরনের ঘটনা এটাই প্রথম।’সভা-সমাবেশে পুলিশের বাধা দেওয়ার তীব্র নিন্দা জানিয়েছেন সমাবেশ মঞ্চে উপস্থিত থাকা ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক ইলিয়াস খান। তিনি প্রথম আলো ডটকমকে বলেন, ‘বর্তমান সরকার মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করার চেষ্টা করছে।’এ বিষয়ে পুলিশের শাহবাগ থানার পরিদর্শক (পিআই) শহীদ চৌধুরী প্রথম আলো ডটকমকে বলেন, ঢাকা মেট্রোপলিটন এলাকায় সভা-সমাবেশ করতে গেলে ডিএমপি কমিশনারের অনুমতি প্রয়োজন। ডিএমপি কমিশনারের অনুমতি না থাকায় আজ জাতীয় প্রেসক্লাবের সামনে কোনো সভা, সমাবেশ বা মাইক ব্যবহার করতে দেওয়া হয়নি।