প্রেসক্লাবের সামনের ঘটনা পূর্বপরিকল্পিত: এটিএন বাংলা
সাগর-রুনি হত্যাকাণ্ডের ঘটনার বিচার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত কর্মসূচিতে যে ঘটনা ঘটেছে, তাকে অনাকাঙ্ক্ষিত বললেও সেটি পূর্বপরিকল্পিত বলে মনে করে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। হত্যাকাণ্ডের ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতেই এ ঘটনা বলেও মনে করে প্রতিষ্ঠানটি। আজ রোববার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন এটিএন বাংলার বার্তা প্রধান জ. ই মামুন। সংবাদ সম্মেলনে এটিএন বাংলার প্রধান বার্তা সম্পাদক ভানু রঞ্জন চক্রবর্তী এবং বার্তা সম্পাদক শাহনাজ মুন্নী উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জ ই মামুন বলেন, সাগর-রুনী হত্যার ঘটনায় দেশের সব গণমাধ্যমকর্মীর মতো এটিএন পরিবারের কর্মীরাও মর্মাহত। ঘটনার বিচার দাবিতে সাংবাদিকদের মানবন্ধন, সমাবেশসহ সব কর্মসূচিতে এটিএন বাংলার সাংবাদিকেরা সব সময়ই উপস্থিত ছিলেন। কিন্তু আজ মানববন্ধন শুরুর আগেই সাংবাদিক নেতা পরিচয়ে একজন এটিএন বাংলার সাংবাদিকদের খুনি হিসেবে অভিযুক্ত করে অফিস ঘেরাওয়ের কর্মসূচি দেন। কিন্তু সাংবাদিক সংগঠনগুলোর নেতারা আগেই বলেছিলেন, এমন কোনো কর্মসূচি তাঁদের নেই। তাই এমন বক্তব্য আমাদের একজন সহকর্মী প্রতিবাদ করলে ওই সাংবাদিক নেতা ক্ষিপ্ত ও মারমুখী হয়ে ওঠেন।জ ই মামুন বলেন, ‘অন্য সাংবাদিকদের সঙ্গে আমি সেখানে গিয়ে ঘটনা জানার চেষ্টা করি। কিন্তু আকস্মিকভাবে কিছু লোক আমাদের ওপর এসে হামলা চালান। এমনকি তাঁরা আমাকেও আক্রমণ করেন। আমরা বিষয়টি নিয়ে সাংবাদিক নেতাদের সঙ্গে কথা বলতে গেলে আক্রমণকারীরা বড় বড় কাঠের টুকরো নিয়ে আক্রমণ করতে উদ্যত হন। একপর্যায়ে তাঁরা আমাকে ধাক্কা দিয়ে প্রেসক্লাব থেকে বের করে দেন। এ সময় তাঁরা আমার নাম ধরে গালিগালাজ করতে থাকেন। আমাকে টেনে নিয়ে মারধরের চেষ্টা করেন। আমার সহর্মীরা আমাকে সেই আক্রমণ থেকে রক্ষা না করলে আমাকে এখন হাসপাতালে থাকতে হতো।’জ ই মামুন সাংবাদিক নেতাদের উদ্দেশে বলেন, ‘এটিএন বাংলার সাংবাদিক ও কলাকুশীলারা আপনাদের সহকর্মী। কোনোভাবেই প্রতিপক্ষ নয়। কাজেই এমন কোনো পদক্ষেপ নেবেন না যাতে এটিএন বাংলার সাংবাদিক ও কলাকুশলীরা ক্ষতিগ্রস্ত হন, কোনো সুবিধাবাদী মহল ফায়দা আদায় করতে পারে।’জ ই মামুন আরও বলেন, ‘সাংবাদিক নেতাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা ভিডিও ফুটেজ দেখুন এবং আক্রমণকারীদের চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থা নিন।’লিখিত বক্তব্য শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জ. ই মামুন। এ সময় সাংবাদিকরা জানতে চান, যে উপায়ে এটিএন বাংলার সাংবাদিকেরা প্রতিবাদ করতে গেছেন, সেটি সঠিক ছিল কি না। জবাবে জ ই মামুন বলেন, ‘আমরা কোন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাইনি। তারাই আমাদের ওপর হামলা চালিয়েছে।’ অতীতে কোন কর্মসূচিতে এটিএন বাংলার এত সাংবাদিক উপস্থিত না থাকলেও হঠাত্ করে আজ কেন এত সাংবাদিক প্রেসক্লাবে গেলেন, জানতে চাইলে জ ই মামুন বলেন, ‘আমরা পাঁচ-ছয়জন সেখানে গিয়েছিলাম। পরে ঘটনা শুনে বাকিরা এসেছে।’ সাংবাদিক বিভিন্ন সংগঠন তো আপনাদের বহিষ্কারের ঘোষণা দিয়েছে, এ ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাইলে জ.ই মামুন বলেন, ‘কাউকে বহিষ্কার করলে কারণ দর্শানোর নোটিশ দিতে হয়। তারা আমাদের তেমন কিছু দেয়নি।’ প্রসঙ্গত, সাগর-রুনী হত্যা ও সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে আজ পূর্বঘোষিত মানববন্ধন কর্মসূচি ছিল। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করেছে, ওই কর্মসূচি শুরুর আগে এটিএন বাংলার সাংবাদিকেরা একজন সাংবাদিক নেতার ওপর হামলা চালায়।সাংবাদিক সংগঠনগুলো দাবি করেছে, এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের কিছু ভাড়াটে উচ্ছৃঙ্খল ব্যক্তি এই হামলা চলিয়েছে। এ ছাড়া হামলাকে কেন্দ্র করে এটিএন বাংলা ও এটিএন নিউজ যে সংবাদ প্রচার করেছে, তাকেও উদ্দেশ্যমূলক বিভ্রান্তকর ও অসত্য বলেছেন সাংবাদিক নেতারা। ঘটনার প্রতিবাদে কাল সোমবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করবে বিভিন্ন সাংবাদিক সংগঠন।