প্রেসবক্স সমাচার
বঙ্গবন্ধু স্টেডিয়ামের প্রেসবক্স নিয়ে খুব কথা হচ্ছে। কথাগুলো বাইরে কমই আসে। কারণ, এটা নিতান্তই সাংবাদিকদের নিজস্ব ব্যাপার। সে অর্থে ‘নিউজ আইটেম’ নয়। তাই যত সমস্যাই হোক সাংবাদিকেরা সেটি হজম করেই বাড়ি ফেরেন। কিন্তু আর হজম করা যাচ্ছে না। সামনে মেসিদের ম্যাচ, মোটামুটি মানের একটা প্রেসবক্স তো চাই। এখন মিডিয়াকর্মীর সংখ্যা বেড়েছে, নতুন টিভিই তো গত কিছু দিনে ৭-৮টি এসেছে। আগের ১০-১২টি টিভি, পত্রিকার সাংবাদিকেরা তো আছেনই। পত্রিকাও তো হুহু করে বাড়ছে। সব মিলিয়ে সাংবাদিক-ক্যামেরা-সাংবাদিকদের স্রোত। এদের জন্য জায়গা কই? জায়গা আছে, কিন্তু সেটি দখল হয়ে আছে! খোদ বাফুফেই দখল করেছে। বিশ্বকাপ ক্রিকেটের সময় বড়সড় একটা প্রেসবক্স বানানো হয়েছিল। সেটি পশ্চিম পাশে আবাহনী-মোহামেডান গ্যালারির তৃতীয় তলায়। চেয়ার-টেবিল দেওয়া, বেশি জায়গাজুড়ে। কাজের জন্য ভালোই এটি। কিন্তু বিশ্বকাপ শেষ হওয়ার পর প্রথম যেদিন বঙ্গবন্ধু স্টেডিয়ামে ঘরোয়া ফুটবল হলো, সেই দিন তৃতীয় তলায় গিয়ে সাংবাদিকদের চক্ষু চড়কগাছ। চেয়ার-টেবিল সব উধাও। কী ব্যাপার, বাফুফের লোকজন বলল, ওগুলো জাতীয় ক্রীড়া পরিষদ এনেছিল, তারাই নিয়ে গেছে। আপনাদের এখন দ্বিতীয় তলায় বসতে হবে। মানে আগের প্রেসবক্সেই।কী আর করা। বাফুফের নাকি কিছুই করার নেই। করার যেটা ছিল সেটাও করেনি। আগের প্রেসবক্সে চেয়ার-টেবিল আছে, তবে কোনোটিই স্থায়ী নয়। ডেকোরেশন থেকে ভাড়া করা। এগুলোর পা এতই নড়বড়ে যে, প্রায়ই টেবিল ভেঙে পড়ে। ওপরে ল্যাপটপসহ প্রয়োজনীয় সব জিনিসপত্র কতবার যে ভূপাতিত হয়েছে, ইয়ত্তা নেই! কম জায়গায় গাদাগাদি অবস্থা। শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র কাজ করে না ঠিকমতো। দুটি বাথরুমই গণ-শৌচাগারে পরিণত। দরজা এখন ঠিকমতো লাগানোও যায় না। নাটবোল্ট ঢিলা হয়ে গেছে। সম্প্রতি শুরু হয়েছে আরেক উত্পাত। ওখানেই গোটা চারেক ঘর আছে, যেগুলোতে বসে টিভি ধারাভাষ্য দেওয়া হয়। এই কদিন আগেও সুপার কাপের টিভি ধারাভাষ্য দিতে গিয়ে এমন অবস্থা হয়েছে যে, উচ্চস্বরে ধারাভাষ্য শুনতে শুনতে কান ঝালাপালা। একদিন তো ধারাভাষ্য কে দেবে, আর কে দেবে না—এ নিয়ে রীতিমতো হাতাহাতি অবস্থা। টিভি ধারাভাষ্যকারদের এমন দ্বন্দ্বের কথা বাইরে থেকে আগে অনেক শোনা গিয়েছে, এবার চাক্ষুষ করার সৌভাগ্য হলো। পৃথিবীর আর কোথায় প্রেসবক্সে টিভি ধারাভাষ্যের কোনো বন্দোবস্ত থাকে না। বাংলাদেশ বলেই থাকে এবং সেটি এখন যন্ত্রণার আরেক নাম।এ অবস্থায় প্রেসবক্স সম্প্রসারণ এবং সুযোগ-সুবিধা দেওয়ার কথা আসছে। এ নিয়ে বাফুফে বল ঠেলেছে ক্রীড়া পরিষদের কোর্টে। ক্রীড়া পরিষদের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের কর্মকর্তা হাবিবুর রহমান সেই বল সন্তর্পণে ঠেলেছেন উল্টো বাফুফের কোর্টে। সাংবাদিকদের তিনি বিস্ময়ভরা কণ্ঠে বলেছেন, ‘আপনাদের প্রেসবক্স তো করা আছে। তৃতীয় তলার ওটাই তো প্রেসবক্স।’ মজার ব্যাপার, সেই বক্সটি সাংবাদিকদের না দিয়ে নিজেদের জন্য রেখে দিয়েছে বাফুফে। স্যুট-ট্যুট পরে কর্তারা ওখানে খেলা দেখেন (কখনো কখনো যেটি হয় পাতানো)। যেন তাঁদের আর কোথাও বসার জায়গা নেই, সাংবাদিকদেরটাই লাগবে! পুরোনো ভিআইপি বক্সের ওই জায়গায় কাচ ঘেরা সব অত্যাধুনিক বক্স করা হয়েছে। সংখ্যায় ১২-১৩টি। প্রেসিডেন্টস বক্স তো চোখ ধাঁধানো। বক্সের ছড়াছড়ি। কিন্তু ঘরোয়া ফুটবলে যেখানে দর্শক হয় না, সেখানে এই ঝকঝকে চকচকে বক্সগুলো যেন নীরবে হাসে আর বলে, ‘আমাদের বানিয়ে রেখেছ কেন? লোক কই?’ ‘ওগুলোতে আপনারা বসেন, সাংবাদিকদের প্রেসবক্সটা সাংবাদিকদেরই দিন’—গত বৃহস্পতিবার বাফুফের কর্মকর্তা আনোয়ারুল হক হেলালকে অনুরোধ করা হলে তিনি বলেন, ‘সম্ভব নয়।’ কেন সম্ভব নয়? তাঁর যুুক্তি, ‘ওটা ভিআইপি বক্স, প্রেসবক্স নয়।’ হসপিটালিটি বক্স-টক্স তাহলে কার জন্য? এবার হেলালের কথা, ‘ওগুলো আমাদের নয়।’ তাহলে কার? কে বসবে এগুলোতে, কখন বসবে, কবে বসবে? না বসলে কেন বানানো হলো? শুধুই বিশ্বকাপের উদ্বোধনের জন্য? ধান ভানতে শিবের গীত চলে এল। গত ১১-১২ বছরে এই বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রায় ১১০ কোটি টাকার সংস্কারকাজ হয়েছে, এখনো নিরন্তর হয়েই চলেছে। সাধারণ দর্শকেরা চেয়ার পেয়েছেন। কিন্তু যাঁদের লেখনীতে ফুটবল বেঁচে আছে বলে অনেকেই বলেন, সেই সাংবাদিকদের প্রেসবক্সটাই হয়ে গেল ছিনতাই! প্রেসবক্সের ছাদ ধসে পড়েছে বছর চারেক আগে, সাংবাদিকেরা ছিলেন না বলে হতাহত হননি। তারপর ভাঙাগড়ার বহু খেলা হলো, কিন্তু সে অর্থে একটা প্রেসবক্স সোনার হরিণই হয়ে থাকল। বঙ্গবন্ধু স্টেডিয়ামেই যখন এ অবস্থা, কমলাপুরের কথা না বলাই ভালো। সেখানে তো প্রেসবক্সই নেই। হায়রে প্রেস বক্স! হায়রে বাফুফে!