প্রেসবক্সে উত্তেজনা
ক্যান্ডিতে বৃষ্টি এসে পাকিস্তান-জিম্বাবুয়ে ম্যাচের উত্তেজনা কমিয়ে দিয়েছিল অনেকটাই। কিন্তু মাঠে উত্তেজনা না থাকলেও উত্তেজনা ছিল প্রেসবক্সে। আরেকটু হলেই হাতাহাতি হয়ে যাচ্ছিল পাকিস্তানের দুই সাংবাদিকের মধ্যে। গত বছর নিউইয়র্কের বোমা হামলার সঙ্গে জড়িত এক সন্ত্রাসীর নামের সঙ্গে মিলে গিয়েছিল ইসলামাবাদের এক সাংবাদিকের নাম। এ জন্য মুহাম্মদ ফয়সাল শেহজাদ নামের ওই সাংবাদিককে বিমানবন্দরে আটক করে জিজ্ঞাসাবাদ করেছিল শ্রীলঙ্কা কর্তৃপক্ষ। পরে অবশ্য ছেড়ে দেওয়া হয় তাঁকে। কিন্তু মজিদ ভাট্টি নামের পাকিস্তানের আরেক সাংবাদিক একটি প্রতিবেদনে প্রশ্ন তুলেছেন শেহজাদকে নিয়ে। দৈনিক জং-এর শেহজাদকে ‘ভুয়া সাংবাদিক’ লিখেছেন ভাট্টি। এতেই খেপেছেন শেহজাদ। প্রেসবক্সে ঢুকেই ভাট্টির সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন শেহজাদ। উত্তপ্ত বাক্যবিনিময় হাতাহাতিতে রূপ নিতে যাচ্ছিল। অন্যান্য সাংবাদিক ও আইসিসির কর্মকর্তারা শান্ত করেন তাঁদের। শেহজাদ অবশ্য ভাট্টির বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন। ওয়েবসাইট।