প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়েমেনের রাজধানী সানায় গতকাল শুক্রবার প্রেসিডেন্ট প্রাসাদের মধ্যে একটি মসজিদে গোলার আঘাতে প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ এবং প্রধানমন্ত্রী আলী মোহাম্মদ মুজাওয়ার ও উপপ্রধানমন্ত্রী আহত হয়েছেন। উপপ্রধানমন্ত্রী জেনারেল রাশাদ আল-আলিমির অবস্থা গুরুতর। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জুমার নামাজের সময় ওই হামলায় মসজিদের ইমামসহ চার নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন।ক্ষমতাসীন জেনারেল পিপলস কংগ্রেসের (জিপিসি) এক নেতা জানান, প্রেসিডেন্ট সালেহ মাথার পেছন দিকে অল্প আঘাত পেয়েছেন। তিনি রাজধানী সানায় সামরিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। প্রধানমন্ত্রীর অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে চিকিৎসাকর্মীরা জানান, তাঁর মুখমণ্ডল পুড়ে গেছে। এ ছাড়া পার্লামেন্টের স্পিকার ইয়াহিয়া আল-রায়ি, প্রেসিডেন্টের একান্ত সচিব আবদো বুরজি, রাষ্ট্রীয় পরামর্শক পরিষদের প্রধান আবদুল আজিজ আবদুল ঘানি এবং সানার গভর্নর নোমান দোউয়েকসহ আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তা ওই হামলায় আহত হয়েছেন।এই হামলার জন্য শেখ সাদিক আল-আহমারের অনুসারী সশস্ত্র আদিবাসীদের দায়ী করেছে কর্তৃপক্ষ। রাজধানী সানার উত্তরাংশে গত মঙ্গলবার থেকে ওই আদিবাসীদের সঙ্গে সরকারি বাহিনীর তুমুল লড়াই চলছে। আদিবাসীদের এক মুখপাত্র জানিয়েছেন, তাঁদের ওপর হামলার প্রতিশোধ নিতেই প্রেসিডেন্ট প্রাসাদে ওই হামলা চালানো হয়েছে।প্রেসিডেন্ট প্রাসাদের মসজিদে হামলার পর শেখ সাদিকের নিয়ন্ত্রণাধীন সুহেল টিভি জানায়, গোলার আঘাতে প্রেসিডেন্ট নিহত হয়েছেন। তবে এর কিছুক্ষণ পরই রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, প্রেসিডেন্ট সুস্থ আছেন এবং সুহেল টিভি যে খবর প্রচার করছে, তা ভিত্তিহীন।আদিবাসীদের বিরুদ্ধে লড়াইয়ে আগেই ভারী অস্ত্র-সরঞ্জাম মোতায়েন করেছে সরকার। গতকাল সকালের দিকে সেনাবাহিনীর ছোড়া একটি গোলা আঘাত হানে প্রধান বিরোধী দলের নেতা ও শেখ সাদিকের ভাই শেখ হামিদ আল-আহমারের বাড়িতে। এ ছাড়া শহরের মধ্যে অবস্থিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আঘাত হানে আরও তিনটি গোলা। প্রেসিডেন্ট আবদুল্লাহ সালেহর বিরোধীরা গত জানুয়ারি থেকে ওই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করছে।প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল হওয়ার সঙ্গে সঙ্গে ভারী কামান ও মেশিনগান নিয়ে সরকারি বাহিনী সানার উত্তরাংশে অবস্থিত আল-হাসাবা এলাকায় হামলা চালায়। শেখ সাদিকের ঘাঁটি ওই এলাকায়। এ সময় লড়াইয়ের সময় জাতীয় বিমান পরিবহন সংস্থা ইয়ামেনিয়ার সদর দপ্তরে আগুন ধরে যায় এবং শেখ সাদিকের নিয়ন্ত্রণাধীন সুহেল টিভির কার্যালয় ধ্বংস হয়।তবে ওই লড়াইয়ে হতাহতের সংখ্যা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। চিকিৎসাকর্মীরা জানান, অ্যাম্বুলেন্সও ওই এলাকায় ঢুকতে পারছে না। গতকাল জুমার নামাজের পর রাজধানীতে বিক্ষোভ করে হাজার হাজার মানুষ।ইয়েমেনে গত জানুয়ারিতে দেশজুড়ে প্রেসিডেন্ট সালেহবিরোধী বিক্ষোভ ও আন্দোলন শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৩৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। এর মধ্যে গত ১০ দিনেই নিহত হয়েছে কমপক্ষে ১৩৫ জন।তিন দশকের বেশি সময় ধরে ক্ষমতা আঁকড়ে থাকা প্রেসিডেন্ট সালেহকে ক্ষমতা ছেড়ে দেওয়ার জন্য মধ্যস্থতা করার চেষ্টা করছে উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)। ক্ষমতা ছেড়ে দিলে তাঁকে সাধারণ ক্ষমার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু এ শর্তেও তিনি ক্ষমতা ছাড়তে রাজি হননি।এদিকে এ হামলায় যুক্তরাষ্ট্র তীব্র নিন্দা ও অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। এএফপি, রয়টার্স ও বিবিসি। সালেহ বিরোধী আন্দোলনে উত্তাল ইয়েমেনজানুয়ারিদেশজুড়ে প্রেসিডেন্ট-বিরোধী আন্দোলন-বিক্ষোভ শুরুফেব্রুয়ারিসানায় বিক্ষোভ করে ২০ হাজারের বেশি মানুষমার্চরাজধানীতে বিদ্রোহীদের আস্তানায় গুলিতে নিহত ৫০এপ্রিলবিক্ষোভ অব্যাহত, ক্ষমতা ছাড়ার দাবি নাকচ সালেহরমেবিমানবন্দর বন্ধ, রাজধানী থেকে পালাতে শুরু করে মানুষজুনসানায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিরোধীদের তুমুল লড়াই শুরু