প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এলবারাদি
জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থার (আইএইএ) সাবেক প্রধান ও মিসরের রাজনীতিবিদ মোহাম্মদ এলবারাদি দেশটির আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। বিবিসি অনলাইন এ খবর জানিয়েছে।এলবারাদি জানিয়েছেন, মিসরে প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থা না আসা ছাড়া তিনি কোনো ধরনের নির্বাচনে দাঁড়াবেন না। তিনি বলেন, ‘প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থার বাইরে প্রেসিডেন্ট বা কোনো আনুষ্ঠানিক পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে আমার মন সায় দিচ্ছে না।’মিসরের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে যেসব প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন, তাঁদের মধ্যে এলবারাদিকে সবচেয়ে উদার ও আইনের শাসনের রক্ষাকর্তা হিসেবে বিবেচনা করা হচ্ছিল।এলবারাদি জানিয়েছেন, তিনি রাজনৈতিক জীবন থেকে সরে যাবেন না। তবে কোনো পদে না থেকে এবং বর্তমান ক্ষমতাসীন শাসকদের আরোপ করা কাঠামোর বাইরে গিয়ে তিনি সমাজসেবার চেষ্টা করবেন।