প্রেসিডেন্ট প্রার্থিতা নিয়ে ঐক্য হয়নি রিপাবলিকানদের
প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। ডেমোক্র্যাট দলের বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার পুনর্নির্বাচন ঠেকাতে মরিয়া হয়ে উঠেছে রিপাবলিকান দল। প্রত্যাশা ও প্রতিশ্রুতি রক্ষা করতে না পারায় ওবামার জনপ্রিয়তাও ক্রমশ নিম্নমুখী। তবে রিপাবলিকান দলের প্রার্থিতা নিয়ে রক্ষণশীলদের মধ্যে এখনো ঐক্য হয়নি।দলীয় বাছাইপর্ব শুরু হচ্ছে জানুয়ারি থেকে। আগামী বছরের নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী কে হচ্ছেন—এ নিয়ে এখন আলোচনা চলছে। আইওয়া অঙ্গরাজ্য থেকে শুরু হবে দলীয় বাছাইপর্ব। এখন পর্যন্ত রিপাবলিকান দলের অগ্রবর্তী প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক স্পিকার নিউট গিংগ্রিচ। বাছাইপর্বে তাঁর সঙ্গে শক্ত প্রতিযোগিতায় এগিয়ে এসেছেন ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের সাবেক গভর্নর মিট রমনি।সাবেক রিপাবলিকান স্পিকার নিউট গিংগ্রিচের দুই দফা বিয়ে বিচ্ছেদ এবং দাম্পত্য-বহির্ভূত সম্পর্ক নিয়েও প্রচারণা শুরু হয়েছে। অভিবাসন আইনের সংস্কার, জলবায়ু নীতি, গর্ভপাত ও সমলিঙ্গের দাম্পত্য নিয়ে নিউট গিংগ্রিচের অবস্থান যথেষ্ট রক্ষণশীল নয় বলে প্রচারণা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রাতিষ্ঠানিক রক্ষণশীলদের আশীর্বাদ মিট রমনির প্রতি। তিনি নিজেকে এখন কট্টর রক্ষণশীল প্রমাণে প্রচারণা চালাচ্ছেন। গভর্নর থাকা অবস্থায় ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি, রাজ্যের সবার জন্য স্বাস্থ্য সুবিধা নিশ্চিত, এক স্ত্রী নিয়ে দীর্ঘ দাম্পত্য—এসব নিয়ে প্রচারণায় নেমেছেন মিট রমনি।সাম্প্রতিক ওয়াশিংটন পোস্ট ও এবিসি নিউজের জরিপে দেখা গেছে, আইওয়া অঙ্গরাজ্যের বাছাই পর্বে এগিয়ে রয়েছেন নিউট গিংগ্রিচ। ৪৩ শতাংশ রিপাবলিকান ককাসের মতে নিউট গিংগ্রিচ অভিজ্ঞ এবং প্রেসিডেন্ট হিসেবে যোগ্যতম। মাত্র ১৬ শতাংশের ইতিবাচক মনোভাব মিট রমনির পক্ষে। প্রার্থী হিসেবে বাছাইপর্বের শুরুতেই শক্ত ধাক্কা দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন তিনি। তাঁর পক্ষ থেকে প্রচারণা শুরু হয়েছে। রিপাবলিকান দলের বাছাইপর্বের দৌড়ে আছেন টেক্সাস অঙ্গরাজ্যের গভর্নর রিক পেরিও।আগামী তিন মাসে প্রার্থী নিয়ে রিপাবলিকানদের মধ্যে অনেক নাটকীয়তা হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। প্রেসিডেন্ট বারাক ওবামার মতো প্রার্থীকে মোকাবিলার জন্য যোগ্যতম প্রার্থী সম্পর্কে এখনো নিশ্চিত নয় মার্কিন রক্ষণশীলরা।