প্রেসিডেন্ট হতে চান সু চি
প্রেসিডেন্ট হতে চান মিয়ানমারের গণতন্ত্রপন্থী বিরোধীদলীয় নেত্রী অং সান সু চি। এ জন্য দেশের সংবিধান সংশোধন করতে চায় তাঁর দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)। আজ সোমবার এ ঘোষণা দেন তিনি। এক সংবাদ সম্মেলনে সু চি বলেন, ‘আমি একটি রাজনৈতিক দলের নেত্রী। একটি দলের নেত্রী হিসেবে আমার প্রেসিডেন্ট হওয়ার সাহস থাকা দরকার। জনগণ চাইলে আমি সে দায়িত্ব নিতে রাজি।’সংবিধানের একটি অনুচ্ছেদের কথা উল্লেখ করে সু চি বলেন, ওই অনুচ্ছেদ অনুযায়ী তিনি প্রেসিডেন্ট হতে পারবেন না। তাই কয়েকটি অনুচ্ছেদের সংশোধন চায় তাঁর দল। এর আগে মিয়ানমারের সংস্কারপন্থী প্রেসিডেন্ট থেইন সেইনও প্রেসিডেন্ট হিসেবে সু চিকে মেনে নেবেন বলে জানান। সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরকালে এ মত দেন সেইন। এই সাবেক জেনারেল তখন বিবিসিকে বলেছিলেন, তিনি সু চির প্রেসিডেন্ট হওয়ার বিষয় সমর্থন করেন। তিনি আরও বলেছিলেন, ‘তিনি (সু চি) জাতিকে নেতৃত্ব দেবেন কি না তা নির্ভর করছে জনগণের ইচ্ছার ওপর। জনগণ গ্রহণ করলে আমিও তাকে মেনে নেব।’ এনডিটিভি।