প্রেসিডেন্ট হতে যাচ্ছেন পুতিন!
রাশিয়ার প্রেসিডেন্ট পদে আবারও নির্বাচন করতে যাচ্ছেন ভ্লাদিমির পুতিন। আজ রোববার তিনি প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে নিজ দল ইউনাইটেড রাশিয়া পার্টির মনোনয়ন গ্রহণ করেছেন। ২০১২ সালের ৪ মার্চ প্রেসিডেন্ট নির্বাচন হবে।পুতিন বর্তমানে রাশিয়ার প্রধানমন্ত্রী। এর আগে ২০০০-২০০৮ সাল পর্যন্ত আট বছর প্রেসিডেন্ট ছিলেন পুতিন।দলের সমর্থন হ্রাসের প্রেক্ষাপটে আসন্ন নির্বাচনে ইউনাইটেড রাশিয়া পার্টিতে প্রাণচাঞ্চল্য সৃষ্টির লক্ষ্যেই ঠিক এই সময়ে এই ঘোষণা দেওয়া হয়েছে বলে মনে করছেন অনেকে। ১০ হাজার সমর্থকের সামনে দলের মনোনয়ন হাতে নিয়ে পুতিন বলেন, ‘এ জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ।’গত ২৪ সেপ্টেম্বর দলীয় বৈঠকে ভ্লাদিমির পুতিনের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার পরিকল্পনার কথা ঘোষণা করেন প্রেসিডেন্ট মেদভেদেভ।এই ঘোষণায় রাশিয়ায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। অনেকে এই অভিযোগও তুলেছেন যে রাশিয়ার রাজনৈতিক ভবিষ্যত্ নির্ধারিত হয় পর্দার অন্তরালে।জনমত জরিপে দেখা যায়, পুতিন আগামী নির্বাচনে জয়লাভ করতে পারেন। যদিও সম্প্রতি তাঁর জনপ্রিয়তায় কিছুটা ভাটা পড়েছে। রয়টার্স।