প্রেসিডেন্ট হিসেবে ওয়াটারাকে জাতিসংঘের সমর্থন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইভরি কোস্টের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধীদলীয় নেতা আলাসেন ওয়াটারা জয়ী হয়েছেন বলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গতকাল বুধবার একটি বিবৃতি দিয়েছে। এ বিবৃতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আইভরি কোস্টের জনগণের রায়ের প্রতি অবজ্ঞা প্রদর্শনের তীব্র নিন্দাও জানিয়েছে।আইভরি কোস্টের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে গত তিন দিন ধরে চলা বিতর্কের পর জাতিসংঘ এ বক্তব্য দিল। তবে রাশিয়া নিরাপত্তা পরিষদের এই বিবৃতির বিরোধিতা করে বলেছে, জাতিসংঘ তাদের সীমা লঙ্ঘন করছে। এদিকে আইভরি কোস্টের বর্তমান প্রেসিডেন্ট লরেন্ট জিবাবো আন্তর্জাতিক সম্প্রদায়ের এ চাপ মেনে নেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। তিনি যেকোনো মূল্যে ক্ষমতা ধরে রাখবেন বলে ঘোষণা দিয়েছেন।অন্যদিকে পশ্চিম আফ্রিকার অর্থনৈতিক জোট ইকোওয়াজ প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে বিতর্ক ও রাজনৈতিক ডামাডোলের কারণে আইভরি কোস্টের সদস্যপদ বাতিল করেছে।গত ৩১ অক্টোবর দেশটিতে প্রথম দফা এবং ২৮ নভেম্বর দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দফা নির্বাচনে ভোট গ্রহণ শেষে ফলাফল নিয়ে আইভরি কোস্টে রাজনৈতিক সংকট দেখা দেয়। নির্বাচন শেষে প্রাথমিকভাবে বিরোধীদলীয় প্রার্থী অ্যালাসেন ওয়াটারাকে বিজয়ী হিসেবে ঘোষণা দেওয়া হয়। কিন্তু পরবর্তী সময়ে নির্বাচনী ফলাফল বর্তমান প্রেসিডেন্ট লরেন্ট জিবাবোর দিকে ঝুঁকে পড়ে। এদিকে বর্তমান প্রেসিডেন্ট লরেন্ট জিবাবো এবং বিরোধীদলীয় প্রার্থী অ্যালাসেন ওয়াটারা দুজনই নিজেকে এ নির্বাচনে বিজয়ী দাবি করে শপথ নিয়েছেন। বিবিসি।