প্রেসিডেন্টের ক্ষমতা হ্রাসসংক্রান্ত বিল পাসের অনুরোধ জানালেন জারদারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি সংবিধানের ১৮তম সংশোধনী বিল পাস করার জন্য আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ সোমবার পাকিস্তানের আইনসভার উভয় কক্ষের (প্রতিনিধি পরিষদ ও সিনেট) যৌথ অধিবেশনে দেওয়া ভাষণে এই আহ্বান জানান তিনি। সংবিধানের ১৮তম সংশোধনীতে প্রেসিডেন্টের ক্ষমতা ব্যাপকভাবে হ্রাস করা হয়েছে। এই সংশোধনী পাকিস্তানে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তনে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।জিয়ো টেলিভিশনের খবরে বলা হয়, জারদারি বলেছেন, ‘১৯৭৩ সালের সংবিধানকে তার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে গিয়ে আমরা ইতিহাস সৃষ্টি করতে চাই। তাই দেরি না করে এই বিল পাস করুন।’আজ প্রেসিডেন্ট জারদারির যৌথ অধিবেশনে দেওয়া ভাষণের সময় সিন্ধুপ্রদেশ, বেলুচিস্তান ও উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের মুখ্যমন্ত্রী, তিন বাহিনীর প্রধান ও বিদেশি কূটনীতিকেরা উপস্থিত ছিলেন। জারদারি বলেন, উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের মানুষ শেষ পর্যন্ত নিজেদের আত্মপরিচয় খুঁজে পেয়েছে। এখন থেকে এই প্রদেশ খাইবার-পাখতুনওয়া নামে পরিচিত হবে। তিনি বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাস পাকিস্তানের সংহতির পক্ষে সবচেয়ে বড় হুমকি। তিনি আজকের ভাষণে বারবার তাঁর প্রয়াত স্ত্রী বেনজির ভুট্টোকে স্মরণ করেন।