প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন সু চি
পার্লামেন্ট অধিবেশনকে সামনে রেখে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি দেশটির প্রেসিডেন্ট থেইন সেইনের সঙ্গে সাক্ষাৎ করবেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি অনলাইন এ খবর জানিয়েছে।এটি হবে প্রেসিডেন্ট সেইনের সঙ্গে সঙ্গে সু চির দ্বিতীয় সাক্ষাৎ। গত বছরের আগস্টে তিনি প্রথমবার প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।১ এপ্রিলের উপনির্বাচনে সু চির নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) ৪৪ আসনের মধ্যে ৪৩টিতে জয়ী হয়।রাজধানী নেপিডোতে ওই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকের আলোচ্য বিষয় সম্পর্কে দেশটির সরকারি কর্মকর্তারা কিছুই বলেননি।তবে এনএলডির এক সদস্য জানান, প্রেসিডেন্টের পরিবারের সঙ্গে মধ্যাহ্ন ভোজ করবেন সু চি।প্রায় অর্ধ শত বছর ধরে দেশটি শাসনক্ষমতা কুক্ষিগত করে রেখেছে জান্তা সরকার। আন্তর্জাতিক চাপের কারণে সম্প্রতি দেশটির জান্তা-সমর্থিত সরকার গণতান্ত্রিক সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে।