জন্ম: ১১ জুলাই, ১৯৯০জন্মস্থান: ওডেনসে, ডেনমার্কউচ্চতা: ৫ ফুট ১০ ইঞ্চিওজন: ৫৮ কেজিখেলার স্টাইল: ডানহাতি (ডাবল হ্যান্ডেড ব্যাকহ্যান্ড)বসবাস: মন্টে কার্লো, মোনাকোপ্রিয় ও অন্যান্যখেলোয়াড়: মার্টিনা হিঙ্গিস ও স্টেফি গ্রাফঅন্য প্রিয় খেলা: ফুটবল, গলফ ও সাঁতারক্লাব: লিভারপুলখাবার: স্টেক ও আলুশখ: বই পড়া, গান শোনা ও শপিং করাঅভিনেতা: জনি ডেপস্মরণীয় স্মৃতি: ২০০৬ জুনিয়র অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল খেলা২০০৮ সালের ঘটনা। এক ডব্লুটিএ টুর্নামেন্টে শীর্ষ বাছাই ও সে সময়ের টেনিস র্যাঙ্কিংয়ের ৪ নম্বর তারকা সভেৎলানা কুজনেৎসভা হেরে গেলেন আলোচনার পাদপ্রদীপে না থাকা এক ডেনিশ প্রতিযোগীর কাছে। অপ্রত্যাশিত ওই হারের পর বিস্ময়ের ঘোর যেন কাটছিলই না কুজনেৎসভার—অষ্টাদশী ওই মেয়েটি এত ভালো টেনিস খেলে! ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে রুশ তারকা ঘোষণা করলেন, ‘খেয়াল রাখুন মেয়েটির দিকে। ও কিন্তু খুব ভালো খেলোয়াড়।’তখন কে চেনে ক্যারোলিন ওজনিয়াকিকে! না কোনো গ্র্যান্ড স্লাম জিতেছেন, না র্যাঙ্কিংয়ের শীর্ষ দশে অবস্থান—বলার মতো কোনো অর্জনই ছিল না তাঁর। ভালো একটা ম্যাচ খেলার পর তাঁকে ‘প্রতিশ্রুতিশীল’ তারকা হিসেবে চিনেছেন শুধু তাঁরাই, যাঁরা ওই ম্যাচে গ্যালারিতে উপস্থিত থেকেছেন কিংবা টিভি সেটে সরাসরি তা দেখেছেন। তবে পরের বছর থেকে যখন ওই এক ম্যাচের ‘ভালো’টা ম্যাচের পর ম্যাচে দেখাতে লাগলেন, তরতর করে উঠে এলেন টেনিসের শীর্ষ দশে। আর এখন তিনিই মহিলা টেনিসের এক নম্বর তারকা।ওজনিয়াকি যে একদিন বড় খেলোয়াড় হবেন, সেটা বোঝা গিয়েছিল অনেক আগেই। ২০০৬ সালে জুনিয়র উইম্বলডন জিতে আলোচনায় এসেছিলেন। তারও আগে তাঁর টেনিস-মেধার খোঁজ পেয়েছিলেন অভিভাবকেরা। বাবা পিওতর ছিলেন ফুটবলার। পোলিশ পেশাদার লিগেও খেলেছেন পিওতর। পরে কাজের জন্য ডেনমার্কে গিয়ে খেলেছেন সে দেশের ফুটবল লিগেও। মা আনা খেলেছেন পোল্যান্ডের জাতীয় ভলিবল দলে। কাজের ফাঁকে বিনোদনের জন্য তাঁরা যখন টেনিস খেলতেন, কোর্টে তাঁদের সঙ্গে যোগ দিতেন শৈশব পেরিয়ে সদ্য কৈশোরে পা রাখা ওজনিয়াকিও। তারও আগে মাত্র সাত বছর বয়সে টেনিসে হাতেখড়ি তাঁর। বয়স যখন নয়, একদিন কোর্টে হারিয়ে দিলেন বাবাকে। একদিনের ওই জয়টা নিয়মিত হতে থাকল মা ও বড় ভাইয়ের বিপক্ষেও। মেয়ের টেনিস-প্রতিভা চিনতে ভুল করলেন না পিওতর। তাঁর তত্ত্বাবধানে শুরু হলো বড় লক্ষ্য সামনে রেখে ওজনিয়াকির পথচলা।মেয়ের টেনিস-সম্ভাবনাটা নিয়ে পিওতর আরও নিশ্চিত হন এক অনূর্ধ্ব-১২ প্রতিযোগিতায় মেয়ের সাফল্য দেখে। ডেনমার্কে হওয়া ওই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ওজনিয়াকি সব ম্যাচ জিতেছিলেন ৬-০, ৬-০ গেমে! এরপর ওজনিয়াকির খেলার টেকনিক দেখাশোনার জন্য একজনকে নিয়োগ দিয়েছিলেন পিওতর।বাবা-মা জন্মসূত্রে পোলিশ হওয়ায় বিশ্ব টেনিসে পোল্যান্ডের হয়েও খেলতে পারতেন ওজনিয়াকি। কিন্তু সেটা না হওয়ার পেছনে আছে এক ঘটনা। একবার পোল্যান্ডের বয়সভিত্তিক চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিলেন ওজনিয়াকি। সেবার তাঁর কাছে হেরে যাওয়া প্রতিযোগীদের অভিভাবকেরা ওজনিয়াকির অংশগ্রহণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন। ডেনমার্কে যাঁদের বসবাস নেই, তাঁরা জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারবেন না, এমন আইন করার জন্য পোল্যান্ডের টেনিস অ্যাসোসিয়েশনের কাছে দাবিও তুলেছিলেন। ওই ঘটনার পরই ডেনমার্কের হয়ে খেলার সিদ্ধান্ত নেন ওজনিয়াকি।২০০৫ সালে পেশাদার সার্কিটে পা রাখা ওজনিয়াকির ক্যারিয়ারে জমা পড়েছে ১২টি ডব্লুটিএ শিরোপা। বড় অর্জন র্যাঙ্কিং-শীর্ষে আরোহণ। এটা স্বপ্ন সত্যি হওয়ার মতোই ব্যাপার ওজনিয়াকির কাছে, ‘আমার বিশ্বাসই হচ্ছে না, আমিই এক নম্বর খেলোয়াড়।’কত দিন থাকেন এখন এটাই দেখার? দিনারা সাফিনা, ইয়েলেনা জাঙ্কোভিচরাও র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিলেন। কোনো গ্র্যান্ড স্লাম না জেতা এসব তারকা কয়েক সপ্তাহ পরই ছিটকে পড়েছিলেন শীর্ষ স্থান থেকে। সমালোচকেরা ওজনিয়াকিকেও রাখছেন ওই সারিতে। তাই তাঁর লড়াই এখন তাঁদের ভুল প্রমাণ করা। পারবেন ওজনিয়াকি? শাহরিয়ার ফিরোজ