ডাক নাম: বুচ, বিলিজন্ম: ৩ ডিসেম্বর, ১৯৭৬, ইস্ট লন্ডন, দক্ষিণ আফ্রিকাস্বীকৃতিদক্ষিণ আফ্রিকার ক্রিকেটার অব দ্য ইয়ার: ১৯৯৮, ২০০০, ২০০৬উইজডেন ক্রিকেটার অব দ্য ইয়ার: ২০০৯প্রিয় ও অন্যান্যআদর্শ: জন্টি রোডসঅন্য খেলা: গলফপানীয়: গ্যাটোরেডখাবার: ফাস্টফুডরং: নীলপোশাক: অ্যাডিডাসের পোশাক ও জুতাগাড়ি: মার্সিডিজবই: ইটস নট অ্যাবাউট দ্য বাইক—ল্যান্স আর্মস্ট্রংক্রিকেটার: জ্যাক ক্যালিসআম্পায়ার: সাইমন টফেলমাঠ: কেপটাউনের নিউল্যান্ডসকঠিনতম প্রতিপক্ষ: শেন ওয়ার্নডিনারে কাঙ্ক্ষিত সঙ্গী: নেলসন ম্যান্ডেলা, ল্যান্স আর্মস্ট্রং, জেনিফার অ্যানিস্টন, রিচার্ড ব্র্যানসন।‘ক্রিকেটার না হলে কী হতেন?’ এমন প্রশ্নে বেশ বিপদেই পড়ে যান মার্ক বাউচার। ক্রীড়াবিদ হতেন নিশ্চিত, কিন্তু কোন খেলার!স্কুলে ক্রিকেট-রাগবি দুটোই খেলতেন। স্কোয়াশ, সুইমিং, ক্রস কান্ট্রি দৌড়, টেনিস ও হাইজাম্পেও ছিলেন স্কুলসেরা। তবে ক্রিকেটের বাইরে স্কোয়াশই সবচেয়ে ভালো খেলতেন। জুনিয়র পর্যায়ে জাতীয় চ্যাম্পিয়ন ছিলেন, অনূর্ধ্ব-২১ জাতীয় চ্যাম্পিয়নশিপ পর্যন্ত খেলেছেন। ক্রিকেটে মন দেওয়ার জন্য পরে ছাড়তে হয়েছে অন্য সব খেলাই।খেলাধুলা ছিল তাঁর রক্তেই। বাবা ভারডন ছিলেন প্রাদেশিক দলের জিমন্যাস্ট ও রাগবি খেলোয়াড়। মা হিদার বোর্ডার স্কুলের স্কোয়াশ কোচ। ছেলের খেলোয়াড় না হয়ে উপায় আছে! তবে শুধু খেলাধুলায়ই নয়, বাউচার স্কুলে প্রতিভার প্রমাণ দেন সাহিত্য-সংস্কৃতিতেও। কবিতায় স্বর্ণপদক পেয়েছিলেন ইস্টার্ন কেপ প্রভিন্সিয়াল প্রতিযোগিতায়, স্কুলে বেশ কটি নাটকে অভিনয়ও করেছেন। প্রতিভা ছিল আরেকটি দিকেও। ‘দুষ্টুর শিরোমণি’ খ্যাতি পেয়ে গিয়েছিলেন স্কুলে। ক্লাসরুমের ডেস্কে মেয়েবন্ধুদের নাম খোদাই করে লেখা ছিল তাঁর প্রিয় কাজগুলোর একটি। নাটকের মহড়ায় দুষ্টুমি করতে গিয়ে একবার হাত ভেঙে ফেললেন। সদ্য প্লাস্টার খোলা হাত নিয়েই আবার স্কোয়াশ প্রতিযোগিতার ফাইনালে উঠে সবাইকে তাক লাগিয়ে দিলেন। দুষ্টুমিতে স্কুলের শিক্ষকদের অতিষ্ঠ করে তোলার পরও ছাড় পেতেন শুধু মেধাবী ছিলেন বলেই।সেই ‘জ্যাক অব অল ট্রেডস’ ক্রিকেটকেই ভবিষ্যৎ হিসেবে বেছে নেন দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলে ডাক পাওয়ার পর। ক্রিকেটজীবনের শুরুতে কিন্তু ছিলেন অফ স্পিনিং অলরাউন্ডার! যখন স্ট্যান্ডার্ড সেভেনে পড়েন। উইকেটকিপার খোঁজার জন্য স্কুলের কোচ রিচার্ড পাইবাস (সাবেক পাকিস্তান কোচ) একদিন দলের সবাইকে পর্যায়ক্রমে কিপিং করাচ্ছিলেন। অ্যাথলেট ছিলেন বলেই কি না, কিপিংয়েও খুব ভালো করলেন বাউচার। পাইবাসের নির্দেশ, ‘তুমি আজ থেকে কিপিংই করবে।’ মোটেও ভালো লাগল না বাউচারের, সোজা বাড়ি গিয়ে বাবাকে বিচার দিয়ে দিলেন। পাইবাসের সঙ্গে কথা বলার পর বাবা বুঝিয়ে-সুজিয়ে কিপার হতে রাজি করালেন ছেলেকে। পাইবাস যে ভুল করেননি, সেটার প্রমাণ সময়েই মিলেছে। খেলা ছাড়ার আগেই তিনি সর্বকালের সেরা উইকেটরক্ষকদের একজন। টেস্ট ইতিহাসের প্রথম উইকেটকিপার হিসেবে ৪০০ ডিসমিসাল, ৫০০ ডিসমিসাল ছোঁয়া একমাত্র উইকেটকিপার—পরিসংখ্যান তাঁকে রাখছে সবার ওপরেই। টেস্টে ৫০০ ডিসমিসাল ও পাঁচ হাজার রানের ডাবলও আছে একমাত্র তাঁরই। বাউচারকে তাই বলা যায় ‘উইকেটকিপিংয়ের শচীন টেন্ডলকার’; প্রতিদ্বন্দ্বিতা কেবল নিজের সঙ্গেই।তবে পরিসংখ্যানের বাইরেও আছে আরও অনেক কিছু। টনি গ্রেগ বাউচারকে বলেন ক্রিকেট বিশ্বের ‘সবচেয়ে শক্ত স্নায়ুর অধিকারী’, রিচি বেনো বলেন, ‘ও মাঠে ঢুকলে মনে হয় যেন মাঠটা ওরই’, গ্রায়েম স্মিথ বলেন, ‘দ্য ফিনিশার।’ দলে এমন প্রভাব, স্রেফ পরিসংখ্যানে এর ব্যাখ্যা পাওয়া কঠিন। দলের ভীষণ প্রয়োজনের সময় ৩০-৪০ বা ৫০ রানের ইনিংস অসংখ্যবার খেলেছেন, সমৃদ্ধ রেকর্ডের অনেক ব্যাটসম্যানও যে গর্ব করতে পারবেন না।পথচলা অবশ্য মাঝেমধ্যেই কঠিন হয়েছে তাঁর। টেস্ট ক্যারিয়ারের শুরুতেই ব্যাপক সমালোচিত হয়েছিলেন কিপিং টেকনিকের জন্য। কঠোর পরিশ্রমে সেসব শুধরেছেন। অভিষেকের পর থেকে টানা ৭৬ টেস্ট খেলার পর হুট করেই বাদ পড়লেন বিতর্কিতভাবে। তবে বেশি দিন বাইরে রাখা যায়নি। এখন তিনি ইতিহাসের সবচেয়ে বেশি টেস্ট খেলা উইকেটকিপার।গত কয়েক বছর ধরে আবার মাথায় চেপেছে সারা বিশ্ব ঘুরে বেড়ানো আর গলফ খেলার ভূত। সামান্য ফাঁক পেলেই ছুটে যান গলফ কোর্সে, লম্বা অবসরে ঘুরতে। টুইটারে নিজের পরিচিতি লিখেছেন, ‘স্পোর্টসম্যান, যে প্রচুর ঘুরে বেড়ায়।’ দুটোতেই বেশির ভাগ সময় তাঁর সঙ্গী হন প্রিয় দুই বন্ধু জ্যাক ক্যালিস ও গ্রায়েম স্মিথ। বাড়িতেও তাই প্রচুর সময় কাটান, কিছুটা সময় বরাদ্দ থাকে পোষা দুই শিকারি কুকুর সাহারা ও ডাকোটার জন্য। তবে প্রচুর পরিশ্রমও করছেন ওয়ানডে দলে ফিরতে। এবারের বিশ্বকাপটা খেলতে চান, আর ঘোচাতে চান ক্যারিয়ারের একমাত্র ‘বিশ্বকাপটা জেতা হলো না’ আক্ষেপটা। আরিফুল ইসলাম