পুরো নাম: এরিক সিলভেইন বিলাল আবিদালজন্ম: ১১ সেপ্টেম্বর, ১৯৭৯জন্মস্থান: লিওঁ, ফ্রান্সউচ্চতা: ৬ ফুট ১ ইঞ্চিপজিশন: ডিফেন্ডারপ্রিয় ও অন্যান্যক্লাব: বার্সেলোনাশহর: বার্সেলোনাআদর্শ: ম্যারাডোনাবন্ধু: ফ্রাঙ্ক রিবেরিমানুষের যে গুণ পছন্দ: সততাতিনি এক মৃত্যুঞ্জয়ী ফুটবলার। লিভারে টিউমার ধরা পড়ার পর একরকম ধরেই নেওয়া হয়েছিল আর মাঠে ফেরা হবে না তাঁর। কিন্তু সফল অস্ত্রোপচারের পর সব শঙ্কা উড়িয়ে মাঠে ফিরলেন এরিক আবিদাল। চিকিৎসা বিজ্ঞানের অবদানকে স্বীকার করে নিয়ে বলা যায়, মনের অসম্ভব জোর ছিল বলেই সুস্থ হয়ে মাঠে ফিরতে পেরেছেন। এ বছর ১৫ মার্চ তাঁর লিভারে ধরা পড়ে টিউমার। চিকিৎসকেরা দ্রুত অস্ত্রোপচারের তাগিদ দিয়ে মানসিক প্রস্তুতির জন্য সপ্তাহ খানেক সময় দিলেন। আবিদাল তাৎক্ষণিক জানিয়ে দিলেন, এখনই তিনি অস্ত্রোপচারের জন্য প্রস্তুত। তাঁর তাগিদেই দুদিন পর তাঁকে নেওয়া হলো অপারেশন টেবিলে।ওই অস্ত্রোপচার জীবনের দর্শনটাই পাল্টে দিয়েছে আবিদালের। ফুটবল তারকা আবিদাল মানুষ হিসেবেও অতি সাধারণ একজন। খুব সাদাসিধে। কোনো অহংকার নেই, নন উদ্ধৃতও। সময় পেলেই কাছের মানুষের সঙ্গে মেশেন, হাসপাতালে যান অসুস্থ অনাথ শিশুদের দেখতে। আগে নতুন নতুন গাড়ি কিনতেন। তাঁর কাছে এটা ছিল অনেকটা শখের মতো। কিন্তু এখন সব গাড়ি বিক্রি করে ফেলেছেন। কারণ, আবিদালের ভাষায়, ‘আগে যেগুলোকে গুরুত্বপূর্ণ ও অপরিহার্য ভাবতাম ওসব আর আমার কাছে গুরুত্বপূর্ণ নয়।’ ডিফেন্ডার হিসেবে পরিচিত হলেও এরিক আবিদালের শুরুটা হয়েছিল মিডফিল্ডার হিসেবে। খুব ছোটবেলায়, ছয় বছর বয়সে ফুটবলে আসা। বাবা পেশাদার ফুটবলার না হলেও ছিলেন ফুটবলের দারুণ ভক্ত। নির্দিষ্ট করে বললে ডিয়েগো ম্যারাডোনার। তাঁর খেলায় মুগ্ধ হয়ে ছেলেকে দিয়েছিলেন ফুটবলে। ম্যারাডোনার খেলা দেখে অনুপ্রাণিত হয়েছিলেন আবিদালও। লিওঁর অদূরে উপশহর সেইন্ট-জেনিস-লাভালে যেখানে বড় হয়েছেন, সেখানেই সমবয়সীদের সঙ্গে খেলা শুরু। খেলা শেষে যখন বাড়ি ফিরতেন প্রায়ই দেখা যেত তাঁর ঠোঁট দিয়ে রক্ত ঝরছে কিংবা হাত-পায়ের কোনো না কোনো অংশের চামড়া ছড়ে গেছে। যে স্বপ্নকে সামনে রেখে এত পরিশ্রম, সে পথে বড় একটা ধাপ পেরোন ১৯৯৯ সালে, লিওঁ লা-ডুশেরের যুবদলে যোগ দিয়ে। এখানে খেলার সময় তাঁকে আবিষ্কার করেন এএস মোনাকোর ম্যানেজার ক্লদ পুয়েল। সে সময় স্থানীয় ক্লাবের এক উদীয়মান তারকাকে নিয়ে খুব লেখালেখি হচ্ছিল লিওঁর পত্রপত্রিকায়। পুয়েল তাঁরই খেলা দেখতে হাজির মাঠে। সে ম্যাচে আবিদালের দল ০-৪ গোলে হেরে গেলেও তাঁর খেলা নজর কাড়ে পুয়েলের। আবিদালের ঠিকানা হয় মোনাকো। সেখানে দুই বছর কাটিয়ে যোগ দেন লিলেতে। আরও দুই মৌসুম পর লিল থেকে স্বপ্নের ক্লাব বার্সেলোনায়। বার্সেলোনা এখন তাঁর দ্বিতীয় পরিবার। বার্সার ড্রেসিং রুমকে সব সময় মাতিয়ে রাখেন তিনি, তাই বিষণ্নতা ছুঁতে পারে না কাউকে। মা-বাবা খ্রিষ্টান। তবে ধর্মান্তরিত হয়েছেন আবিদাল। ইসলাম ধর্ম গ্রহণ করে এখন তিনি এরিক বিলাল আবিদাল। এক সময়ের বান্ধবী হায়েত কেবিরকে বিয়ে করেছেন ২০০৭ সালে। স্ত্রী ছাড়াও সংসারে আছে দুই মেয়ে মেলিয়ানা ও ক্যানেলিয়া। জীবনের প্রতিটি পদে পদে আবিদাল মেনে চলেন মায়ের এই উপদেশ—‘জীবনে কখনো হতাশ হয়ো না’। ৩১ বছর বয়সী এই ফরাসি এখন পেছন ফিরে দেখেন, মায়ের ওই উপদেশ শিরোধার্য করেছিলেন বলেই সাধারণ এক পরিবারের ছেলে হয়েও আজ ফুটবলের এক বিশ্ব তারকা। ২০০৯ সালে ছয়টি ট্রফির সবকটিই জেতা বার্সেলোনা দলের সদস্য আবিদালের চাওয়ার কিছু নেই। লিভারে টিউমার ধরা পড়ার পর বিশ্ব ফুটবল সম্প্রদায়ের যে ভালোবাসা আর সহানুভূতি পেয়েছেন, সেটা সচরাচর দেখা যায় না। টট্টি থেকে বেকহাম, ইতো থেকে রুনি, কাকা থেকে রোনালদো—সবাই ভালোবাসা আর সহমর্মিতা নিয়ে তাঁর পাশে এসে দাঁড়ান। সবার এমন ভালোবাসায় যিনি সিক্ত, তাঁর আর বেশি চাওয়ার কী থাকতে পারে!