প্র্রধানমন্ত্রী ক্ষুব্ধ, খতিয়ে দেখতে সৈয়দ আশরাফকে নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি দলের সাংসদ সারাহ বেগম কবরী ও একই দলের সাবেক সাংসদ শামীম ওসমানের বাগবিতণ্ডার ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।আজ সোমবার দলের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের এসব কথা বলেন। বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত প্রতিবেদনে তিনি বলেন, ঢাকা-নারায়ণগঞ্জে বর্ধিত বাস ভাড়া নিয়ে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে কবরী ও শামীম ওসমানের মধ্যে বাগবিতণ্ডা হয়। বাগবিতণ্ডার একপর্যায়ে তাঁরা একে অপরের দিকে তেড়ে আসেন। এ ঘটনা টিভিতে দেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি সেখানে উপস্থিত থাকা দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।ওবায়দুল কাদের বলেন, দলের কার্যনির্বাহী কমিটির সভায় এ ব্যাপারে তদন্ত রিপোর্ট উপস্থাপন করে দল ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্নকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা।কাদের আরও বলেন, কবরী ও শামীম ওসমানের ঘটনাটি বিচ্ছিন্ন। কিন্তু এটি দলের ভাবমূর্তি নষ্ট করেছে। তিনি বলেন, এ ধরনের ঘটনা প্রতিপক্ষ দলের সঙ্গে হলেও একটা কথা ছিল। কিন্তু নিজেদের মধ্যে এ রকম ঘটনায় শেখ হাসিনা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। প্রসঙ্গত, গত শনিবার সরকারি দলের সাংসদ সারাহ বেগম কবরীর দিকে মারমুখী ভঙ্গিতে তেড়ে গিয়েছিলেন একই দলের সাবেক সাংসদ শামীম ওসমান। জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সামনেই ঘটনাটি ঘটে। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সভা চলাকালে দুজনের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা, তারপর তুমুল হট্টগোল বেধে যায়। সাংসদ কবরী সাংবাদিকদের বলেন, ডিসি-এসপিসহ সভায় উপস্থিত সবার সামনেই শামীম ওসমান তাঁকে অকথ্য ভাষায় গালাগাল দেন। একপর্যায়ে আসন ছেড়ে ছুটে এসে তাঁকে ধাক্কা দেন। এর আগে গত বছর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় শামীম ওসমানের বড় ভাই নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের জাতীয় পার্টির সাংসদ নাসিম ওসমান বর্তমান ডিসির সামনেই কবরীকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন।তবে শামীম ওসমান কবরীকে ধাক্কা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।