প্রয়োজন ছাড়াই বেশি দামে জমি কেনাবেচা করছে ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (্ইউসিবিএল) বাড্ডায় ৭০ দশমিক ৬৩ কাঠা জমি কিনছে ৭৭ কোটি ৬৯ লাখ টাকায়। অর্থাত্ প্রতি কাঠার দাম পড়ছে প্রায় এক কোটি ১০ লাখ টাকা। ব্যাংকটিরই একজন কর্মকর্তা বাংলাদেশ ব্যাংককে এসব তথ্য পাঠিয়ে বলেছেন যে এই জমি অতিমূল্যায়িত করে কেনা হচ্ছে। এর সঙ্গে ব্যাংকের এক বা একাধিক পরিচালকের যোগসাজশ রয়েছে।বাংলাদেশ ব্যাংক তথ্য নিয়ে জেনেছে, ইউসিবিএল ছাড়াও দেশের ২০টি সরকারি-বেসরকারি ব্যাংক বড় অঙ্কের অর্থ জমি বা ফ্লোর স্পেস কিনতে ব্যয় করেছে। কেন্দ্রীয় ব্যাংক বলছে, ধারণা করা যায় বাণিজ্যিক উদ্দেশ্যে কোনো কোনো ব্যাংক জমি বা ফ্লোর স্পেস কিনছে। কিন্তু ব্যাংক জনগণের কাছ থেকে আমানত সংগ্রহ করে ঋণ বিতরণ ছাড়া এ ধরনের ব্যবসায় যুক্ত হতে পারে না। তা ছাড়া বাণিজ্যিক ব্যাংকগুলো যদি এভাবে জমি বা ফ্লোর স্পেস কিনতে অর্থ খাটায়, তাহলে এসব সম্পদের দাম আরও বেড়ে যাবে।এ পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংক গতকাল সোমবার এক নির্দেশে কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমোদন ছাড়া বাণিজ্যিক ব্যাংকগুলো কর্তৃক জমি, ফ্লোর স্পেস বা অন্য কোনো প্রকৃতির স্থায়ী অবকাঠামো ক্রয় বা ইজারা নেওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।কেন্দ্রীয় ব্যাংক এক নির্দেশে বলেছে, লক্ষ করা যাচ্ছে যে কোনো কোনো ব্যাংক যুক্তিসংগত কারণ বা প্রয়োজন ছাড়াই জমি ও অন্যান্য স্থায়ী সম্পদ ক্রয়-বিক্রয় করছে, যা ব্যাংক কোম্পানি আইন ১৯৯১-এর ৭ ধারায় বর্ণিত ব্যাংক কোম্পানির কার্যাবলির অন্তর্ভুক্ত নয়। জানা গেছে, গত মাসে বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোর কাছে গত দুই বছরের মধ্যে কোনো জমি বা দালানের ‘ফ্লোর স্পেস’ কিনে থাকলে তার তথ্য চেয়ে চিঠি পাঠায়। তথ্য পাওয়ার পর কেন্দ্রীয় ব্যাংক দেখেছে যে কোনো কোনো বাণিজ্যিক ব্যাংক জমি বা ফ্লোর স্পেস কেনাবেচায় যুক্ত হয়ে পড়েছে। ক্ষেত্রবিশেষে বেশি দামে এগুলো কিনছে এবং বড় অঙ্কের টাকা খাটানো হচ্ছে। বাংলাদেশ ব্যাংক সূত্রগুলো বলছে, দুটি কারণে কেন্দ্রীয় ব্যাংক এ জাতীয় কেনাবেচায় বিধিনিষেধ আরোপ করেছে। অতিমূল্যমান দেখিয়ে জমি বা প্লট কেনা হতে পারে এবং তার সঙ্গে ব্যাংকের কোনো স্বার্থান্বেষী মহলও যুক্ত থাকতে পারে। অন্যদিকে, ব্যাংক কোম্পানি আইন অনুসারে নিজস্ব ব্যবহারের জন্য প্রয়োজনীয় নয় এমন কোনো স্থাবর সম্পত্তি যেভাবেই ব্যাংকের অর্জনে আসুক না কেন তা সাত বছরের বেশি সময় ব্যাংক তার অধিকারে রাখতে পারে না।আবার ব্যাংকের সম্পদ ও দায় ব্যবস্থাপনার ক্ষেত্রে এ ধরনের স্থায়ী সম্পদে বড় বিনিয়োগও যৌক্তিক নয়। কেননা ব্যাংকের দায় বলতে বোঝায় গচ্ছিত আমানত, যা নগদ অর্থ। এই অর্থে অধিক পরিমাণে স্থায়ী সম্পদ কেনা ঝুঁকিপূর্ণও বটে।তবে কেন্দ্রীয় ব্যাংকের সূত্র জানায়, তাদের পাওয়া ২০ ব্যাংকের তথ্যের মধ্যে সব ব্যাংকই যে বাণিজ্যিক উদ্দেশ্যে জমি বা ফ্লোর স্পেস কিনছে এমন নয়। প্রাপ্ত তথ্য অনুসারে, ইউসিবিএল গত দুই বছরের মধ্যে ২৮ হাজার ৮১ বর্গফুট ফ্লোর স্পেস ও ৩৩.৭৫ শতাংশ জমি কিনেছে ৫৬ কোটি ৪৭ লাখ টাকায়। আর ৭০.৬৩ শতাংশ জমি কেনার প্রক্রিয়া চলছে ৭৭ কোটি ৬৯ লাখ টাকায়। যোগাযোগ করা হলে ইউসিবিএলের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খান প্রথম আলোকে বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম জমিটা কিনব। সেই হিসাবে কেন্দ্রীয় ব্যাংককে তা জানিয়েছি। কিন্তু সিদ্ধান্ত কার্যকর করতে এখনো কোনো উদ্যোগ নিইনি।’ তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক নতুন নির্দেশে পূর্বানুমোদন নেওয়ার কথা বলে থাকলে সেই ব্যবস্থাই নেওয়া হবে। একই সঙ্গে তিনি জানান, বাড্ডার পুরো জায়গাটা প্রধান সড়কের পাশে। ফলে এর দাম বেশি।সাউথইস্ট ব্যাংক ৫৯ হাজার ১৪৪ বর্গফুট ফ্লোর স্পেস কিনেছে ৬৪ কোটি ৫৭ লাখ টাকায়। আর ৪৩ হাজার ৮২৬ বর্গফুট কেনার প্রক্রিয়া চলছে, যার দাম ৪৮ কোটি ৭৫ লাখ টাকা। যোগাযোগ করা হলে সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান আলমগীর কবীর বলেন, ‘আমরা আমাদের প্রধান ও শাখা কার্যালয়ের জন্য এসব ফ্লোর স্পেস কিনেছি ও কেনার প্রক্রিয়া চালাচ্ছি।’ তিনি বলেন, তাঁদের ফ্লোর কোনোভাবেই অতিমূল্যায়িত নয়, বরং কেনার পর এগুলোর দাম অনেক বেড়ে গেছে।বেশি পরিমাণ জমি বা ফ্লোর স্পেস কিনেছে বা প্রক্রিয়া রয়েছে এমন দশটি ব্যাংকের মধ্যে আইএফআইসি ব্যাংক ১৪ হাজার ১৮৯ বর্গফুট ফ্লোর স্পেস, ১১.৫৬ শতাংশ জমি ও দোতলা ভবন কিনেছে ২২ কোটি ২৬ লাখ টাকায়। আর প্রক্রিয়া চলছে ৯০ হাজার বর্গফুট ফ্লোর স্পেস কেনার। যার দাম ৪০ কোটি টাকা। এক্সিম ব্যাংক ৫৩ হাজার ৭৪৬ বর্গফুট ফ্লোর স্পেস কিনেছে ৪৭ কোটি ৪৬ লাখ টাকায়। আর প্রক্রিয়া চলছে তিন কোটি ৬০ লাখ টাকায় চার হাজার বর্গফুট ফ্লোর স্পেস কেনার। মার্কেন্টাইল ব্যাংক ২১ হাজার ৮৮৮ বর্গফুট ফ্লোর স্পেস, ১০ কাঠা জমি ও দোতলা ভবন কিনেছে ৪৪ কোটি ৪৩ লাখ টাকায়। আর প্রক্রিয়া চলছে সাত হাজার ৪৬৩ বর্গফুট ফ্লোর স্পেস কেনার। যার দাম এক কোটি ৭৪ লাখ টাকা। এনসিসি ব্যাংক ২০ হাজার ৬২৯ বর্গফুট ফ্লোর স্পেস কিনেছে ১৫ কোটি আট লাখ টাকায়। প্রক্রিয়া চলছে ২৭ হাজার ৩৩৬ বর্গফুট ফ্লোর স্পেস কেনার। যার দাম ২৬ কোটি এক লাখ টাকা। ইস্টার্ন ব্যাংক ৮৫ কাঠা জমি কিনেছে ৩৫ কোটি ৮৯ লাখ টাকায়। যমুনা ব্যাংক ১৮.০৪ কাঠা জমি কিনেছে ৩৪ কোটি ৬৭ লাখ টাকায়। ন্যাশনাল ব্যাংক আট হাজার ৩৬ বর্গফুট ফ্লোর স্পেস, ৩৫.৩৪ শতাংশ জমি কিনেছে দুই কোটি ৯৬ লাখ টাকায়। আর প্রক্রিয়া চলছে ১৭ হাজার ২৫৮ বর্গফুট ফ্লোর স্পেস, ১৫.২৮ কাঠা জমি ও দুটি দোতলা ভবন কেনার। যার দাম ২৩ কোটি ৫৩ লাখ টাকা। প্রাইম ব্যাংক ১৪ হাজার ৬১২ বর্গফুট ফ্লোর স্পেস, ২৪.৩৯ কাঠা জমি কিনেছে ২৪ কোটি ২০ লাখ টাকায়। আর প্রক্রিয়া চলছে চার হাজার ৮০০ বর্গফুট ফ্লোর স্পেস কেনার। যার দাম ৯৬ লাখ টাকা। প্রিমিয়ার ব্যাংক ১৯ হাজার ৬৮২ বর্গফুট ফ্লোর স্পেস কিনেছে ১৯ কোটি ৩৭ লাখ টাকায়। প্রক্রিয়া চলছে তিন হাজার ৫৯৬ বর্গফুট ফ্লোর স্পেস কেনার। যার দাম তিন কোটি ৫৯ লাখ টাকা।