প্রয়োজন বিনিয়োগবান্ধব বাজেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

* দেশের বর্তমান করকাঠামো বিনিয়োগকে উৎসাহ দেয় না* ব্যক্তিশ্রেণীর করমুক্ত আয়ের সীমা ২ লাখ ২৫ হাজার* শিল্পে বিনিয়োগের শর্তে কালো টাকা সাদা করার সুযোগদেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা বিনিয়োগবান্ধব বাজেট চেয়েছেন। তাঁরা বলেছেন, দেশের বর্তমান করকাঠামো বিনিয়োগকে উৎসাহ দেয় না। স্থানীয় শিল্পকে সুরক্ষা দেওয়ার পাশাপাশি উচ্চ মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষকে স্বস্তি দিতে কর ছাড় দিতেও সুপারিশ করেছেন ব্যবসায়ী নেতারা।গতকাল শনিবার প্রথম আলো আয়োজিত ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব কথা বলা হয়েছে। এ সময় শিল্পে কালো টাকা বিনিয়োগের সুযোগ, ব্যাংকের সুদহার কমানো এবং শুল্কায়নে প্রাক-জাহাজীকরণ পরিদর্শন বা পিএসআই প্রথা বাতিলের সুপারিশ করা হয়।বৈঠকে ব্যবসায়ী নেতারা বলেছেন, নতুন বছরের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। কেননা, এখন বিশ্ববাজারে খাদ্য ও কাঁচামালের দাম অনেক বেশি। এই অবস্থায় সীমিত আয়ের সাধারণ মানুষ এবং উৎপাদকেরা যাতে এর সঙ্গে সমন্বয় করতে পারেন, সে ব্যবস্থা বাজেটে থাকতে হবে।প্রথম আলোর কার্যালয়ে অনুষ্ঠিত এই গোলটেবিল বৈঠকে আলোচনায় অংশ নেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি এ কে আজাদ, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি আমজাদ খান চৌধুরী, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি আসিফ ইব্রাহীম, বাংলাদেশ উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিডব্লিউসিসিআই) সভাপতি সেলিমা আহমাদ, এফবিসিসিআই পরিচালক ও মহানগর দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন, বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি কামরান টি রহমান, বাংলাদেশ চিনি পরিশোধনকারী কারখানা সমিতির মহাসচিব গোলাম মোস্তফা, বাংলাদেশ পাইকারি ভোজ্যতেল ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আবুল হাশেম, মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. গোলাম মাওলা প্রমুখ। বৈঠক সঞ্চালনা করেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম এবং যুগ্ম বার্তা ও বাণিজ্য সম্পাদক শওকত হোসেন।স্থানীয় শিল্প সুরক্ষা: বিভিন্ন প্রণোদনার মাধ্যমে স্থানীয় শিল্পকে সুরক্ষা দেওয়ার কথা বলেন এ কে আজাদ। তিনি বলেন, মূলধনি যন্ত্রপাতি আমদানিতে তিন শতাংশ এবং কাঁচামালের ওপর এক শতাংশ শুল্ক আরোপ করা যেতে পারে। এতে শিল্পোৎপাদন বাড়বে, কর্মসংস্থানেরও ব্যবস্থা হবে।গোলাম মোস্তফা বলেন, স্থানীয় শিল্পকে সহায়তা দিতে ভারত অনেক বছর ধরে বিদেশি গাড়ি আমদানিতে নিরুৎসাহিত করেছে। এটা দরকার। তা ছাড়া বাজেটের সঙ্গে শিল্পনীতির একটা সংঘাত রয়েছে। বাজেট করা হয় এক বছরের জন্য, কিন্তু শিল্পনীতি হয় পাঁচ বছরের জন্য। এই দুইয়ের মধ্যে সমন্বয় থাকা দরকার। উদাহরণস্বরূপ তিনি বলেন, দেশে অনেক চিনি পরিশোধনকারী কারখানা গড়ে উঠেছে। এদের উৎপাদনক্ষমতা ৪০ লাখ টনের মতো। দেশীয় চাহিদা ১২ থেকে ১৪ লাখ টন। উৎপাদন বাড়িয়ে বাড়তি চিনি রপ্তানি করা সম্ভব, কিন্তু সেই সুযোগ দেওয়া হচ্ছে না।সেলিমা আহমাদ বলেন, মোটরসাইকেলের বেশির ভাগ যন্ত্রাংশই এখন বাংলাদেশে তৈরি হয়। অথচ কর দিতে হয় ৫১ শতাংশের মতো। এখানে প্রস্তুত পণ্য আনলে খরচ কম হয়, আর স্থানীয় পর্যায়ে তৈরি করলে বেশি কর দিতে হয়। কর বেশি দিতেও তাঁর আপত্তি নেই। বদলে জনগণ কী পাচ্ছে, তা বিবেচনা করার কথা উল্লেখ করে তিনি বলেন, ব্যবসায়ীরা কী দিচ্ছে আর বিনিময়ে সরকার কী দিচ্ছে, তার হিসাব নেওয়ার সময় এসেছে।বিনিয়োগবান্ধব কর কাঠামো: আমজাদ খান চৌধুরী বলেন, বিদ্যমান করকাঠামো বিনিয়োগবান্ধব নয়। এখানে বিনিয়োগের জন্য তেমন কোনো প্রণোদনা দেওয়া হয় না। শিল্পের কাঁচামালের ওপর করের পরিমাণ এখনো অনেক বেশি, এটি কমানো উচিত। তিনি প্রশ্ন তুলে বলেন, সম্পদ কর খারাপ না ভালো, বলব না, তবে মুনাফার ওপর করপোরেট কর ও আয়কর মিলিয়ে ৬২ দশমিক ৫ শতাংশ সরকারকে দিয়ে দিলে কী-ই বা অবশিষ্ট থাকে। আমজাদ খান চৌধুরী আরও বলেন, ছোট কারখানা দিয়ে বর্তমানে কিছু করা যাবে না। বিশ্বমানের সঙ্গে প্রতিযোগিতা করতে হয়। সরকারের নীতি-সহায়তা তাই জরুরি।এ কে আজাদ বলেন, ব্যাংকের সুদহার অনেক বেশি। এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের তদারকি দুর্বলতা রয়েছে। এটি দূর করতে হবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের তদারকিতেও দুর্বলতা আছে বলে মন্তব্য করেন তিনি। আসিফ ইব্রাহীম বলেন, করকাঠামোতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) হস্তক্ষেপ কমানো দরকার। করপোরেট কর বেশির ভাগ দেশেই ২০ থেকে ২৫ শতাংশ। বিদ্যমান ৩৭ দশমিক ৫ শতাংশ থেকে এই হার যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনতে হবে। শিল্প বিনিয়োগের স্বার্থে ২০১৫ সাল পর্যন্ত কর অবকাশসুবিধা চালু রাখার পক্ষে মত দেন তিনি।কামরান টি রহমান বলেন, এই অঞ্চলের মধ্যে করপোরেট করহার বাংলাদেশেই সবচেয়ে বেশি। এটি আরও কম হওয়া উচিত। আর প্রিমিয়ামের ওপর অতিরিক্ত কর ধরাও ঠিক নয় বলে মনে করেন তিনি।কাঁচা পাটের দাম যে হারে বাড়ছে, পাটজাত পণ্যের দাম সে হারে বাড়ছে না—বিষয়টি দুশ্চিন্তার অবকাশ রয়েছে বলে মনে করেন কামরান টি রহমান। পাটশিল্পকে কৃষিভিত্তিক শিল্প ঘোষণা কার্যকর এবং এ খাতে নগদ সহায়তা বিদ্যমান ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করার প্রস্তাব করেন তিনি।গোলাম মাওলা বলেন, প্রাক-জাহাজীকরণ পরিদর্শন (পিএসআই) কোম্পানিগুলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছে। তারাই সব ঠিক করে দিচ্ছে। এখন সময় এসেছে পিএসআই প্রথা তুলে দেওয়ার।করের আওতা বৃদ্ধি: এ কে আজাদ বলেন, অধিক রাজস্ব সংগ্রহ করতে হলে করের আওতা বাড়ানোর বিকল্প নেই। তবে আগামী তিন থেকে চার বছরের মধ্যে বিদ্যুতের সংকট কেটে যাবে—এমন আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, তখন শিল্পায়নও হবে, রাজস্বও বাড়বে।আসিফ ইব্রাহীম বলেন, বিশাল জনগোষ্ঠীর এ দেশে কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) রয়েছেন ৩০ লাখ। আশ্চর্যজনক যে তার মধ্যে আবার করদাতা মাত্র ১০ লাখের মতো। কর দেওয়ার যোগ্য এমন বহু লোক এখনো আওতার বাইরে। তবে বিদ্যমান কর নীতিমালা দিয়ে হবে না। এটিকে আরও সহজ করার পরামর্শ দিয়ে তিনি বলেন, কর নীতিমালা প্রণয়নকারী ও কর সংগ্রহকারী আলাদা হওয়া প্রয়োজন। গোলাম মাওলা বলেন, করের আওতা বাড়াতে হবে। তবে কৃষকেরা যাতে তাঁদের উৎপাদিত পণ্যের দুটো পয়সা পান, সেই ব্যবস্থাও রাখতে হবে। সরকার একদিকে বলছে দ্রব্যমূল্য কমাতে, অন্যদিকে বলছে মূল্য সংযোজন কর (মূসক) বাড়াতে।কালো টাকা বিনিয়োগে সুযোগ: এ কে আজাদ বলেন, ‘এফবিসিসিআইয়ের সভাপতি হিসেবে আমি কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার কথা বলতে পারি না। কিন্তু টাকাটা যাবে কোথায়? আর কালো টাকা তৈরি হলো কীভাবে, সেটাও অবশ্য এক প্রশ্ন। হয়তো ব্যবসায়ীরা সম্পত্তির ওপর কর দেননি বা সরকারি কর্মকর্তারা ঘুষ খেয়েছেন। এ জন্য দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করতে হবে।’ একটি নির্দিষ্ট সময়সীমা দিয়ে কালো টাকাকে শুধু শিল্পে বিনিয়োগের সুযোগ দেওয়ার সুপারিশ করেন এ কে আজাদ।আমজাদ খান চৌধুরী বলেন, সাধারণত উন্নয়নশীল দেশগুলোতে কালো টাকা বেশি থাকে। বাংলাদেশেও বিপুল পরিমাণ কালো টাকা রয়েছে। এ টাকা ফেলে রাখলে কোনো লাভ নেই।আবুল হাশেম বলেন, প্রতিবছর বাজেট এলেই কালো টাকা, সাদা টাকা নিয়ে প্রশ্ন ওঠে। তিনি প্রশ্ন তোলেন, কালো টাকা যদি অন্ধকারে থাকে, তাহলে দেশের কী উপকারে আসবে? এক বছরের জন্য হলেও সুযোগ দেওয়া যেতে পারে। এতে কর বেশি আদায় হতে পারে সরকারের।দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ: সেলিমা আহমাদ বলেন, বাম্পার ফলন হলে পণ্যমূল্য কমে যায়, আবার উৎপাদন কম হলে তা বেড়ে যায়। এ এক বিশাল দ্বন্দ্ব, আর তা নিরসনে সরকারকে এগিয়ে আসতে হবে। কামরান টি রহমান বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। তবে কৃষকদের ন্যায্যমূল্যও জরুরি।কৃষিপণ্য সংরক্ষণে পদক্ষেপ নেওয়ার কথা জানান হেলাল উদ্দিন। উদাহরণ দিয়ে তিনি বলেন, যে আনারস দেশীয় বাজারে ১০ টাকায় বিক্রি হয়, পাকিস্তানে রপ্তানি করলে তা ৭০০ টাকা। মূসক কমালেও ভোক্তারা এর সুফল পায় না বলে উল্লেখ করেন তিনি।আবুল হাশেম বলেন, দ্রব্যমূল্য বাড়ার জন্য ব্যবসায়ীদের প্রায়ই ‘মধ্যস্বত্বভোগী’ বিশেষণ দেওয়া হয়, যা ঠিক নয়। এখন সরবরাহ পদ্ধতির (ডিও) পরিবর্তে পরিবেশক পদ্ধতি চালু হবে। কতটুকু ভালো হবে, এখনই তা বলা যাবে না। তবে দুই লাখ টাকা জামানত দিয়েই কেউ পরিবেশক নিয়োগ পাবেন, আর ১০ কোটি টাকা নিয়ে যিনি ডিও ব্যবসা করে আসছেন, তাঁর কী হবে? এনবিআর তো ঠিকই করের জন্য যাবে।আবুল হাশেম আরও বলেন, মজুদ নিয়েও সরকারের চিন্তা করতে হবে। চিনির মজুদ ঠিক থাকলেও ভোজ্যতেলের মজুদ কিন্তু কম। আবার সামনেই রমজান মাস। তিনি বলেন, ২০২১ সালের রূপকল্প বাস্তবায়ন করতে গেলে ১৯৫৬ সালের মজুদ আইন দিয়ে হবে না। গোলাম মাওলা বলেন, ডিও পদ্ধতি বাতিল করে পরিবেশক পদ্ধতি চালু হবে। যুগের পর যুগ ধরে এই ব্যবসা চলছে। কোটি কোটি টাকা বাকি পড়ে আছে, বাঁচব কীভাবে? তিনি বলেন, চাবুক মেরে মূসক আদায় করছে এনবিআর। সরকারি প্রতিষ্ঠানগুলো লোকসান গোনে, অথচ মহাব্যবস্থাপকেরা (জিএম) বিলাসবহুল গাড়িতে চড়েন। সঠিক পরিসংখ্যান: গোলাম মোস্তফা বলেন, দেশের অনেক কিছুরই সঠিক কোনো পরিসংখ্যান নেই। সম্প্রতি একটা আদমশুমারি হয়েছে। অনেকের বাড়িতে কেউ যায়নি, আমার বাড়িতেও নয়। এই অবস্থায় জনসংখ্যার সঠিক হিসাব তো পাওয়া যাবে না। ফলে কোন পণ্যের কত চাহিদা, তা জানা সম্ভব হয় না। ১৬ কোটি মানুষের জন্য পণ্য এনে দেখা যায় সরবরাহ কম। হয়তো মানুষ আরও বেশি আছে। এই অবস্থায় দাম তো বাড়বেই। মো. আবুল হাশেম বলেন, সুষম বাজেট করতে গেলে আগে জনসংখ্যা কত, তা নিশ্চিত হতে হবে।ব্যবসায়ীরা বাজেটকে জবাবদিহির মধ্যে আনার পাশাপাশি করমুক্ত আয়ের সীমা আড়াই লাখ টাকা করা, বেসরকারি খাতকে জ্বালানি তেলের আমদানির সুযোগ, দক্ষ মানবসম্পদ তৈরিতে মনোযোগ, রিজার্ভ থেকে ১০০ কোটি ডলার ছেড়ে দেওয়া এবং এলপি গ্যাসের কাঁচামালের শুল্ক প্রত্যাহারের প্রস্তাব করেন।কর্মসংস্থান: আমজাদ খান চৌধুরী বলেন, আগামী বাজেটটি এমনভাবে প্রণয়ন করতে হবে, যাতে বিনিয়োগের সুযোগ তৈরি হয় এবং কর্মসংস্থানের ব্যবস্থা হয়।সেলিমা আহমাদ বলেন, দেশে প্রতিবছর ২০ লাখ করে লোক কর্মক্ষেত্রে ঢোকার জন্য তৈরি হয়। এর মধ্যে কর্মসংস্থানের ব্যবস্থা হয় মাত্র দুই লাখের লোকের। কামরান টি রহমান বলেন, দেশের সবচেয়ে বড় সমস্যা হলো বেকার সমস্যা। বৈশ্বিক জনসংখ্যা বৃদ্ধির হার বিশ্লেষণে দেখা যায়, অনেক দেশেই তা কমছে। অনেক উন্নত দেশ বিদেশি শ্রমিক ছাড়া তাদের অর্থনীতি চালিয়ে রাখতে পারবে না। সুতরাং দক্ষ মানবসম্পদ তৈরিতে নজর দিতে হবে। এতে আমাদের উপকার তো হবেই, তাদেরও উপকার হবে। তিনি আরও বলেন, দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলা একটি বড় ক্ষেত্র। আগামী বাজেটে এমন সব ব্যবস্থা ও পদক্ষেপ নিতে হবে, যাতে অর্থনীতির প্রকৃত খাতে প্রভাব পড়ে।