প্রয়োজন সবার জন্য সমান সুবিধা
বাংলাদেশে সদ্য সেলুলার টেলিফোন খাতে দ্বিতীয় প্রজন্মের (২জি) লাইসেন্সের নবায়ন হয়েছে। রাষ্ট্রমালিকানাধীন প্রতিষ্ঠান টেলিটককে তৃতীয় প্রজন্মের প্রযুক্তির (৩জি) অনুমোদন দেওয়া হয়েছে। অন্যরা কবে পাবে কেউ বলতে পারে না। অথচ বিশ্ব এখন ৪জি প্রযুক্তির যুগে চলে গেছে।নরওয়ের অসলোতে টেলিনরের বিশাল প্রধান কার্যালয়। সেখানে বিভিন্ন দেশ থেকে আসা একদল সাংবাদিকের সামনে প্রদর্শন করা হলো ৪জি প্রযুক্তির কার্যক্রম। ৪জি-এর আনুষ্ঠানিক নাম লং টার্ম ইভাল্যুশন বা এলটিই। এলটিইকে ডাক নামে বলা হয় ৪জি। চতুর্থ প্রজন্মের এই প্রযুক্তি কিন্তু এরই মধ্যে চলে এসেছে সার্কের দেশ শ্রীলঙ্কায়।কেবল ৪জি নয়, মুঠোফোনের মাধ্যমে জীবনযাত্রা পালটে দেওয়ার নানা উপকরণ দেখানো হলো দুই দিনব্যাপী নানা অধিবেশনের মাধ্যমে। ছিল টেলিনরের ব্যবসায়িক পরিস্থিতি নিয়ে উপস্থাপনা। ভবিষ্যৎ-ভাবনার কথাও জানালেন বিশ্বের অন্যতম টেলিযোগাযোগ এই কোম্পানির কর্মকর্তারা। বিশ্বের ১১টি দেশে টেলিনরের উপস্থিতি রয়েছে। আর ১৫ কোটি মানুষ নিচ্ছে টেলিনরের সেলুলার টেলিফোনসেবা। সব মিলিয়ে ৩০ হাজার মানুষ কাজ করেন টেলিনর গ্রুপে। কথা বলার উপলক্ষ অবশ্য একটা ছিল। গত ১৯ সেপ্টেম্বর ছিল টেলিনরের ‘মার্কেট ক্যাপিটাল ডে’। এ জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজির হয়েছিলেন সাংবাদিকেরা। পাশাপাশি সক্রিয় উপস্থিতি ছিল বিনিয়োগ-ব্যাংকারদের। বিশ্বের বিভিন্ন পুঁজিবাজারে টেলিনর তালিকাভুক্ত। এ কারণে বিনিয়োগ-ব্যাংকারদেরও আগ্রহ ছিল অনুষ্ঠানটির প্রতি।অনুষ্ঠানের দ্বিতীয় দিনের শেষ সময়টুকু টেলিনরের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জন ফ্রেডারিক বাকসাস রেখেছিলেন বাংলাদেশের সাংবাদিকেদের জন্য। এর আগের সময়টুকু বরাদ্দ ছিল মালয়েশিয়ার সাংবাদিকদের জন্য। তিনি বললেন বাংলাদেশ নিয়ে নানা পরিকল্পনার কথা। গুরুত্ব দিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ কর্তৃপক্ষের (বিটিআরসি) সঙ্গে একটি পারস্পরিক আস্থার সম্পর্ক প্রতিষ্ঠার ওপর। তিনি বললেন, মুঠোফোন হচ্ছে এখন প্রবৃদ্ধি অর্জনের একটি বড় উপকরণ। সুতরাং এই খাতের সম্ভাবনা পুরোপুরি ব্যবহার করতে সব পক্ষের মধ্যেই একটি আস্থার সম্পর্ক থাকা জরুরি।প্রশ্ন করা হয়েছিল নিয়ন্ত্রক কর্তৃপক্ষ বিটিআরসির সঙ্গে সম্পর্কের টানাপোড়েন নিয়ে। জন ফ্রেডারিক বাকসাস বললেন, উন্নত দেশগুলোতেও কিন্তু বিভিন্ন সময় নিয়ন্ত্রক কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্কের মধ্যে কিছু জটিলতা দেখা যায়। তবে একটি গতিশীল বাজারে সবার জন্য সমান সুবিধা দিতে আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান সম্ভব। তিনি বলেন, বাংলাদেশে ২জি লাইসেন্সের নবায়ন শেষ হয়েছে। সামনে আসছে ৩জি লাইসেন্সের অনুমোদন। এটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে নিয়ন্ত্রক কর্তৃপক্ষের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। প্রথমত, লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে সবার জন্য সমান সুযোগ থাকতে হবে। তা ছাড়া এই লাইসেন্স পেতে যে অর্থ ব্যয় করতে হবে, তা যেন যুক্তিযুক্ত হয়। কেননা, সাধারণ গ্রাহকদের জন্য টেকসইভাবে সেবা দিতে হবে। সুতরাং, বাংলাদেশের সাধারণ মানুষের সক্ষমতার দিকটিও বিবেচনায় আনতে হবে।বাংলাদেশে গ্রামীণফোনের যাত্রা শুরু হয়েছিল ১৯৯৭ সালে। এরপর ১৫ বছর কেটে গেছে। এখন বাংলাদেশে গ্রামীণফোনের গ্রাহকসংখ্যা চার কোটির বেশি। গ্রামীণফোনের মূল কোম্পানি টেলিনর। বিশ্বের ১১টি দেশে টেলিনরের উপস্থিতি থাকলেও এককভাবে সবচেয়ে বেশি গ্রাহক বাংলাদেশে। বাকি ১০টি দেশে টেলিনরের গ্রাহক ১১ কোটি। জানতে চাইলাম বাংলাদেশ নিয়ে অভিজ্ঞতার কথা। জন ফ্রেডারিক বাকসাসের ভাষায়, ‘অসাধারণ অভিজ্ঞতা।’ বাংলাদেশে এসে প্রত্যন্ত অঞ্চলে গ্রামীণফোনের জনপ্রিয়তা এবং এ থেকে সাধারণ মানুষের উপকৃত হওয়া তিনি নিজে দেখে এসেছেন। বললেন সেসব কথাও। গ্রামীণফোনের টেলিনরের মালিকানা ৫৫ দশমিক ৮ শতাংশ। ৩৪ দশমিক ২ শতাংশের মালিক গ্রামীণ টেলিকম। বাকি ১০ শতাংশের মালিকানা ছেড়ে দেওয়া হয়েছে সাধারণ মানুষের মধ্যে। অর্থাৎ গ্রামীণফোন বাংলাদেশের দুই স্টক এক্সচেঞ্জেই তালিকাভুক্ত। প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি বিনিয়োগকারীরা এর মালিক। ২০০৯ সালে শেয়ার ছাড়ে গ্রামীণফোন। পরিশোধিত মূলধনের হিসাবে এটিই এখন বাংলাদেশের সবচেয়ে বড় তালিকাভুক্ত কোম্পানি। গ্রামীণফোনের শেয়ার বিনিয়োগকারীদের জন্যও আকর্ষণীয় শেয়ারে পরিণত হয়েছে। গত বছর তারা লভ্যাংশ দিয়েছে ২০৫ শতাংশ। চলতি বছরের জন্য এ পর্যন্ত তারা অন্তর্বর্তীকালীন লভ্যাংশ দিয়েছে ৭০ শতাংশ। সব মিলিয়ে বাংলাদেশে পুঁজিবাজার প্রসারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে গ্রামীণফোন। সেই কথাটিই বললেন টেলিনরের প্রধান নির্বাহী কর্মকর্তা। ফ্রেডারিক বাকসাস বলেন, ‘সব মিলিয়ে আমি বলব, বাংলাদেশের স্টক মার্কেটের প্রবৃদ্ধি ও সম্প্রসারণে গ্রামীণফোন একটি ইতিবাচক ভূমিকা রাখছে।’এর আগে, দুই দিনের অনুষ্ঠানে টেলিনরের কর্মকর্তারা বিভিন্ন দিক নিয়ে বক্তব্য দেন। এ সময় টেলিনরের প্রধান নির্বাহী কর্মকর্তা ফ্রেডারিক বাকসাস দুটি মূল লক্ষ্যের কথা জানান। এর একটি হচ্ছে, ২০১৫ সালের মধ্যে ৫০০ কোটি নওরোজিয়ান ক্রোনার (এক ডলার=৫.৭০১৮ ক্রোনার) ব্যয় কমানো এবং পরিচালনা নগদপ্রবাহ একই সময়ের মধ্যে দুই হাজার ৮০০ থেকে তিন হাজার ক্রোনারে বাড়ানো। অধিবেশনের প্রথম বক্তা হিসেবে জন ফ্রেডারিক বাকসাস বলেন, ‘এবারের ক্যাপিটাল মার্কেট দিবসের অনুষ্ঠান এটাই দেখাচ্ছে যে টেলিনর একটি প্রবৃদ্ধি অর্জনকারী কোম্পানি। এই কোম্পানি ইউরোপের বাজারে প্রবৃদ্ধি অব্যাহত রেখেছে। টেলিনর আরও বিশ্বাস করে, নতুন নেটওয়ার্ক, নতুন পরিচালন মডেল এবং নতুন নতুন উদ্ভাবনী-সেবায় কোম্পানি সবার সেরা হয়েই থাকবে।’